ইংল্যান্ডকে নিয়ে আশা রুনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ইউরো আসরে কোনোভাবেই ফেবারিটের কাতারে পড়ছে না ইংল্যান্ড। তার ওপর চূড়ান্ত প্রতিযোগিতা শুরুর আগে দিয়ে ইনজুরি হামলা আরও দুর্বল করে দিয়েছে ইংলিশ শিবিরকে। অনেকেই সন্দেহ প্রকাশ করছেন, ইংল্যান্ড গ্রুপ পর্বের বাধাই পেরোতে পারবে কি না, তা নিয়ে। তবে ইংল্যান্ড ইউরোতে সবার জন্যই বেশ শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠবে বলে সবাইকে সাবধান করে দিয়েছেন ওয়েইন রুনি।ইংলিশ মাঝমাঠের প্রধান দুই ভরসা গ্যারেথ ব্যারি ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের পর ইনজুরির কবলে পড়ে ইউরো চ্যাম্পিয়নশিপে মাঠে নামতে পারবেন না জন টেরি ও গ্যারি ক্যাহিল। এমনকি ওয়েইন রুনিকেও ফ্রান্স ও সুইডেনের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে থাকতে হবে ডাগআউটে। গত বছর ইংল্যান্ডের জার্সি গায়ে মন্টেনেগ্রোর বিপক্ষে একটি খেলায় বিক্ষুব্ধ আচরণের জন্য এই বহিষ্কারাদেশ পেয়েছিলেন রুনি। তবে এই টালমাটাল অবস্থার মধ্যেও ইংল্যান্ড সবাইকে চমকে দেওয়া পারফরমেন্সই উপহার দিতে পারবে বলে আশাবাদী এই ইংলিশ স্ট্রাইকার। তিনি বলেছেন, ‘আমরা মাঠে ভালো পারফরমেন্স দেখানোর সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের দলটার দিকে তাকিয়ে আমি বুঝতে পারছি না যে কেন আমরা শিরোপাটা জিততে পারব না। দলে অবশ্য অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু আমি বড় লক্ষ্যটার দিকেই তাকিয়ে থাকব। অন্য অনেকেই হয়তো সেটা করছেন না। কিন্তু সেমিফাইনাল ও ফাইনাল পর্যন্ত যাওয়ার যোগ্যতা আমাদের বেশ ভালোমতোই আছে। আর এটাই আমাদের লক্ষ্য।’ইংল্যান্ডের কোচের দায়িত্ব নেওয়ার পর অবশ্য শুরুটা ভালোভাবেই হয়েছে রয় হজসনের। ইউরোর প্রস্তুতি দুটি ম্যাচেই জয় পেয়েছে ইংল্যান্ড। নতুন কোচ ইংলিশ দলটাকে বেশ ভালোভাবেই পুনর্গঠন করেছেন বলে মন্তব্য করেছেন রুনি। তিনি বলেছেন, ‘হজসন খুবই সাংগঠনিক। যেটা আমি ইংল্যান্ড দলে খুব বেশি পাইনি। ইংল্যান্ডেরই কাউকে কোচ হিসেবে দেখতে পাওয়াটা খুবই ভালো ব্যাপার।’