ইংল্যান্ডকে নিয়ে কোনো মন্তব্য নেই এরিকসনের!
পৃথিবীটাই পেশাদারির। এই পেশাদারির কাছে টান, মান,অভিমান কোনো কিছুরই কদর নেই। তবে এটা মানুষেরই সৃষ্টি। চরম পেশাদার ব্যক্তির মনের গহীনেও অনেক সময় পেশাদারির শক্ত দেওয়াল ভেদ করে মনুষ্য দুর্বলতার অনেক কিছুই খেলা করে। পুরোনো কর্মস্থল হলে তো আর কথাই নেই।আইভরিকোস্টের বর্তমান কোচ সভেন গোরান এরিকসন জাতিতে সুইডিশ। পেশাদার এই কোচ একসময় ইংল্যান্ডেরও কোচ ছিলেন। ২০০২ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে নিয়ে গিয়েছিলেন বিশ্বচ্যাম্পিয়ন করার অভিপ্রায় নিয়ে। যাত্রাটা একেবারেই খারাপ ছিল না। দলকে কোয়ার্টার ফাইনালে তুললেও সেবার ব্রাজিলীয় শ্রেষ্ঠত্বের কাছে হার মানতে হয় এরিকসনকে। বিশ্বকাপের পর আরও কিছুদিন তিনি ইংলিশ দলকে নিয়ে কাজ করেছেন। বিতর্কও কম হয়নি এই কোচকে নিয়ে। নারী কেলেঙ্কারিতে জড়িয়ে তিনি ব্রিটিশ ট্যাবলয়েডগুলোর ‘খাদ্য’ হয়েছিলেন একসময়।এবারের বিশ্বকাপে আইভরিকোস্টের দায়িত্বে থাকলেও ইংল্যান্ডের প্রতি কি কোনোই দুর্বলতা অনুভব করেন না এরিকসন? কখনই কি আনমনে চিন্তা করেন না, আলজেরিয়ার সঙ্গে কেন জিততে পারল না তাঁর প্রাক্তন দল। আজ ব্রাজিলের সঙ্গে আইভরিকোস্টের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এরিকসনকে এক সাংবাদিক ইংল্যান্ড নিয়ে প্রশ্ন করেছিলেন। জানতে চেয়েছিলেন দলের সাবেক কোচ হিসেবে ইংল্যান্ডের ব্যর্থতা নিয়ে তাঁর অভিমত রয়েছে কি না।কিন্তু ঝানু লোক সভেন গোরান এরিকসন, ওই সাংবাদিকের প্রশ্নের জবাবে উল্টো তাঁকেই বলেছেন, ‘আমি জানতাম, আজকের সংবাদ সম্মেলনে আমাকে ইংল্যান্ড নিয়ে একটি প্রশ্ন করা হবে।’ এর পরই নিজেকে পেশাদারির শৃঙ্খলে আবদ্ধ করে ফেলেন তিনি। জানিয়ে দেন, তাঁর সাবেক দল ইংল্যান্ড নিয়ে তিনি কোনো মন্তব্যই করবেন না।‘আমি বেশ কয়েক বছর ইংল্যান্ডের কোচ ছিলাম, মানছি। কিন্তু এবারের বিশ্বকাপে তাদের পারফরম্যান্স নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আমার সব চিন্তা এখন আইভরিকোস্টে আবদ্ধ।’ বলেছেন এরিকসন।এরিকসন বলেন, ‘আমি অন্য কোনো দল নিয়ে মন্তব্য করব না। এর পাশাপাশি আমি আশা করব, অন্য কেউ আইভরিকোস্ট নিয়েও কোনো মন্তব্য করবে না।’এরিকসন আইভরিকোস্টের কোচের দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্বকাপের মাত্র কয়েক দিন আগে। দলটিকে প্রশিক্ষণ দিয়ে তিনি যে আনন্দ পাচ্ছেন, তা বলতে তিনি ভুলেননি। তিনি জানিয়েছেন, ‘আইভরিকোস্টের মতো এত সুখী ফুটবল দল আমি আর দেখিনি। ছেলেগুলো সব সময় হাসছে।’