ইংল্যান্ডকে নিয়েই ভাবছেন ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চার ম্যাচ জয়। চ্যাম্পিয়নস ট্রফির শেষ আসরের ফাইনালে উঠল অপরাজিত ভারত। এখন শুধুই অপেক্ষা। আগামীকাল এজবাস্টনের ফাইনালে মহেন্দ্র সিং ধোনির দল যুঝবে স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে। দুর্দান্ত ফর্ম আর দুই দলের মুখোমুখি লড়াইয়ের সাম্প্রতিক ইতিহাস ভারতকেই এগিয়ে রাখছে ফাইনালে। তবে ধোনি কাজটাকে অত সহজ মনে করছেন না। ভারতীয় অধিনায়কের মতে, তাঁর দলকে সবচেয়ে কঠিন পরীক্ষাটা দিতে হবে ইংল্যান্ডের বিপক্ষেই। পরশু কার্ডিফে শ্রীলঙ্কাকে রীতিমতো চূর্ণ করেই দ্বিতীয় সেমিফাইনালটা জিতেছে ভারত। লঙ্কানদের মামুলি ১৮১ রান ১৫ ওভার হাতে রেখেই টপকে যায় দলটি। সেটাও মাত্র ২ উইকেট হারিয়ে। কার্ডিফের মেঘলা আকাশকে কাজে লাগিয়ে ভারতীয় তিন পেসার ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদবের দুর্দান্ত বোলিংকে পূর্ণতা দিয়েছে শিখর ধাওয়ান ও বিরাট কোহলির ব্যাট।গ্রুপ পর্বে এই শ্রীলঙ্কার কাছেই হেরেছে ফাইনালের প্রতিপক্ষ ইংল্যান্ড। তবে ফাইনাল নিশ্চিত করার পর ধোনি ইংল্যান্ডকে পূর্ণ সম্মান দিয়েই মনে করিয়ে দিলেন টুর্নামেন্টপূর্ব হিসাব-নিকাশকে, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে আসা প্রতিটি দলের মতো আমার কাছে তারাও খুব ভালো একটি দল। এটা এই বোঝায় দলগুলো এতটাই শক্তিশালী যে নিজেদের দিনে এরা যে কাউকেই হারতে পারে এবং জিতে নিতে পারে ট্রফিটাও।’ওয়ানডেতে ইংল্যান্ড-ভারত লড়াইটা এখন আর দুষ্প্রাপ্য কিছু নয়। গত দুই বছরে দল দুটি এতবার মুখোমুখি হয়েছে, পরস্পরের কোনো কিছুই অজানা থাকার কথা নয়, ধোনি উল্লেখ করেছেন সেটাও, ‘ইংল্যান্ড খুব ভালো দল। গত বছর দুয়েকের মধ্যে আমরা এত বেশি খেলেছি যে আমরা তাদের সম্পর্কে যতটা জানি, তাঁরাও আমাদের সম্পর্কে ঠিক ততটাই জানে।’ এই জানাটাই কি ধোনিদের একটু এগিয়ে রাখবে না? শেষ ১০ ম্যাচের আটটিতেই যে জিতেছে তাঁর দল। পরাজিত লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকেও পরশু কথা বলতে হয়েছে ফাইনাল নিয়ে। কে জিতবে ফাইনাল, এই প্রশ্নে কাউকেই এগিয়ে রাখেননি ম্যাথুস, ‘বলা কঠিন। দুটি দলই একই মানের। ওই দিন যারা কম ভুল করবে জিতবে তারাই।’ ২০০৭ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর গত বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হার। এবার চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে বিদায়। মাঝে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হার। দক্ষিণ আফ্রিকার গায়ে যদি চোকার শব্দটি সেঁটে গিয়ে থাকে, শ্রীলঙ্কাও কম চোকার নয়। ম্যাথুস যেন ব্যাপারটা মেনে নিয়েই বললেন, ‘দুর্ভাগ্যজনকভাবে ভারতের বিপক্ষে সেমিফাইনালে আরেকবার চোক করলাম।’ এএফপি।