ইংল্যান্ডকে পাত্তাই দিচ্ছেন না বালোতেল্লি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানাউসের ম্যাচটার জন্য আরও সপ্তাহ দুয়েকের অপেক্ষা। কিন্তু মাঠে নামার আগেই প্রতিপক্ষকে নিয়ে তাচ্ছিল্যের সুর মারিও বালোতেল্লির কণ্ঠে। ইংল্যান্ডকে পাত্তাই দিচ্ছেন না ইতালিয়ান স্ট্রাইকার! স্বভাবসুলভ বলে দিলেন, ‘ওদের কিছু ভালো ফুটবলার আছে। তবে ওরা ইতালির জন্য বড় কোনো প্রতিদ্বন্দ্বী নয়।’ ওয়েবসাইট।
তার মানে ১৪ জুন মানাউসে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইয়ে জয় পাচ্ছে ইতালিই? বালোতেল্লির বিশ্বাস তেমনই, ‘আমি বলব না যে ইতালিই ফেবারিট। তবে মানসিকভাবে আমরা এগিয়ে, আমাদের অভিজ্ঞতা আছে মানুষকে চমকে দেওয়ার। আমার মনে হয় না ইংল্যান্ডের সেটা আছে।’
শুধু ওই ম্যাচই নয়, এসি মিলান স্ট্রাইকার বিশ্বকাপেও ইংল্যান্ডের কোনো সম্ভাবনা দেখেছেন না, ‘দেখে মনে হচ্ছে না ইংল্যান্ড বিশ্বকাপ জেতার মতো দল। আমাদের অনেক খেলোয়াড়ের বিশ্বকাপ হাতে তোলার অভিজ্ঞতা আছে। কিন্তু কোয়ার্টার ফাইনাল পেরোনোর পর খেলতে কেমন লাগে, এই ইংল্যান্ডের কোনো খেলোয়াড়ই তা জানে না।’
ইংল্যান্ডের বিপক্ষে ইতালিকেই পরিষ্কার ফেবারিট মনে করছেন মার্সেলো লিপ্পিও। ইতালিকে ২০০৬ বিশ্বকাপ জেতানো কোচ পরশু ফ্লোরেন্সে ইতালির অনুশীলন ক্যাম্প দেখতে গিয়ে সাংবাদিকদের বলেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে ইতালিই বেশি শক্তিশালী। আমাদের তুলনামূলক ভালো অস্ত্র আছে।’