ইটের জবাব সব সময় পাটকেলে দিতে হবে এমন কোনো কথা নেই। ইটের জবাব ইটে, আর পাটকেলের জবাব পাটকেলেই দেওয়া যায়। যেমন দিল পোল্যান্ড। ৩১ মিনিটে স্টিভেন জেরার্ডের কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে দিয়েছিলেন ওয়েইন রুনি। গোল। ৭০ মিনিটে প্রায় একই রকম গোলে সেটাই শোধ করে দিল পোল্যান্ড। কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে জালে পাঠালেন কামিল গ্লিক। ১-১ ড্র। পোল্যান্ডের নিজেদের মাঠে খেলেছে। ড্র সেই হিসেবে খুব একটা খারাপ ফল নয় ইংল্যান্ডদের জন্য। কিন্তু বেশির ভাগ ইংলিশ সমর্থকই মনে করছে, দু-দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টের অপচয় হলো।পোলিশরা ইংল্যান্ডের জন্য বড় প্রতিপক্ষ কোনো কালেই ছিল না। ইংল্যান্ডের বিপক্ষে একটাই জয় তাদের সব ম্যাচ মিলিয়ে। সেই জয়টাও প্রায় চার দশক আগের ঘটনা। তা ছাড়া ম্যাচে বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেছে ইংল্যান্ড। রুনি তো রীতিমতো শিশুতোষ ভুল করেছেন বক্সে। কিছু সুযোগ পোল্যান্ডও নষ্ট করেছে। না হলে কে বলতে পারত, ১৯৭৩ সালের পর ইংলিশদের বিপক্ষে প্রথম জয়টা তারা পেত না!এই দুটি পয়েন্টের খুব দরকার ছিল রয় হজসনের দলের। ‘এইচ’ গ্রুপে চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ডই। তবে সান মেরিনোর বিপক্ষে ম্যাচটা জিতে গেলে ইংল্যান্ডকে টপকে যাবে মন্টেনেগ্রো! তাদের পয়েন্ট হয়ে যাবে ১০। এক ম্যাচ কম খেলেছে ৫ পয়েন্ট নিয়ে তিনে থাকা পোল্যান্ডও। সেই ম্যাচ জিতলে তাদেরও পয়েন্ট হবে ৮। চার ম্যাচের রাউন্ড সম্পন্ন হলে মন্টেনেগ্রোর পয়েন্ট যদি হয় ১০, ইংল্যান্ড আর পোল্যান্ডের ৮; হজসনের দল স্বস্তিতে থাকে কী করে?আগের ম্যাচে সান মেরিনোর মতো পুঁচকে দলকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার পর ইংলিশ মিডিয়ায় যে বুদ্বুদ উঠেছিল, সেটা নিমেষেই উধাও। হজসন অবশ্য পরশুর ম্যাচে দলের ড্রয়ের পেছনে দায়ী করেছেন খেলা বৃষ্টির কারণে এক দিন পিছিয়ে যাওয়াকেই।ইংলিশ মিডিয়ার একটি অংশে লেখালেখি হচ্ছে, স্নায়ু সতেজ রাখতে আগের দিন ম্যাচের আগে ক্যাফেইন ট্যাবলেট খেয়েছিলেন ইংল্যান্ডের খেলোয়াড়েরা। কিন্তু ম্যাচ হয়নি। শরীর ক্লান্ত ছিল না, স্নায়ুও ছিল চাঙা। রাতে ঘুমানোর জন্য ঘুমের ওষুধ খেতে হয়েছিল। এটাও নাকি ম্যাচটা ড্র হওয়ার কারণ। বিশেষ করে জো হার্টের মতো এ সময়ের অন্যতম সেরা গোলরক্ষক বল ক্লিয়ার করতে এসে যেভাবে দেরি করে গোলটা খেয়ে ফেললেন, সেটা নাকি ঘুমের ওষুধেরই পার্শ্বপ্রতিক্রিয়া! এএফপি, ওয়েবসাইট।