
সিলেটে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা ৯ রানে হারিয়েছে ইংল্যান্ডকে। টসে হেরে প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৩ তোলে উইন্ডিজ মেয়েরা। দুই ওপেনার নাইট ও টেইলার দারুণ শুরু এনে দেন দলকে। ১২.২ ওভারে এ জুটি তোলে ৮৭। হাতে উইকেট থাকার পরও শেষ দিকে অবশ্য ঝড় তুলতে ব্যর্থ উইন্ডিজ মেয়েরা। সর্বোচ্চ ৫৬ আসে টেইলরের ব্যাট থেকে। এ ছাড়া নাইট করেন ৪৩।
১৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ তুলে থেমে যায় ইংলিশ মেয়েদের ইনিংস। হারতে হয় ৯ রানে। সর্বোচ্চ ৪৪ এসেছে অ্যাডওয়ার্ডসের ব্যাট থেকে। ইংলিশদের আটকে দেওয়ার মূল কাজটি করেছেন উইন্ডিজ বোলার ডোটিন, নিয়েছেন ৪ উইকেট। ম্যাচ সেরাও তিনি।
একই মাঠে অপর ম্যাচে ভারতকে ২২ রানে হারিয়েছে শ্রীলঙ্কার মেয়েরা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কান মেয়েরা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১২৮। সর্বোচ্চ ৪৩ আসে ওপেনার চামারি আতাপাত্তুর ব্যাট থেকে।
১২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১০৬ রানেই থামে ভারতের মেয়েদের ইনিংস। হারতে হয় ২২ রানে। সর্বোচ্চ ২২ আসে শিখা পান্ডের ব্যাট থেকে। ম্যাচ সেরা শ্রীলঙ্কার প্রাবোধানি।