
মূল প্রতিযোগিতায় শেষ অবধি একটা জয় নিয়েই নামতে পারছে ভারত। মিরপুরে আজ অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে ২০ রানে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।
টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুটা দারুণ করেছিল ইংল্যান্ড। ৩৯ রানে ৩ উইকেট তুলে নিয়ে ভারতকে ব্যাকফুটে ঠেলে দেয় তারা। কিন্তু বিরাট কোহলি ‘বিরাট’ বাধার দেয়াল তুলে দেন ৭৪ রানের দারুণ এক ইনিংস খেলে। ৪৮ বলে সাজানো তাঁর ইনিংসটি খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। কোহলির ইনিংসের সঙ্গে সুরেশ রায়নার ৫৪ আর ধোনির অপরাজিত ২১ রান ২০ ওভারে ভারতের স্কোর তুলে দেয় ১৭৮-এ। ভারতের পতন হওয়ার চারটি উইকেট নিজেদের মধ্যে ভাগ করে নেন জেড ডারনব্যাচ, ক্রিস জর্ডান, টিম ব্রেসনান আর রবি বোপারা।
১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এবারও শুরুটা দারুণ করে ইংলিশরা। উদ্বোধনী জুটিতে ৪৩ রান তোলেন মিচেল লাম্ব ও অ্যালেক্স হ্যালস। তবে খুব দ্রুতই ২ উইকেট পড়ে যাওয়ায় চাপে পড়ে যায় তারা। হ্যালসকে বোল্ড করেন ভুবনেশ্বর কুমার। রায়নার বলে স্টাম্পড হন লাম্ব। লাম্বের সংগ্রহ ছিল ৪৬ রান। এরপর মঈন আলী (৪৬) আর জোস বাটলার (৩০) লড়াই চালিয়ে গেলেও পুরোটা শেষ করে আসতে পারেননি। বলা যায়, জাদেজাই শেষ করতে দেননি। এই দুই সেট ব্যাটসম্যানকে ফিরিয়ে ভারতকে খেলায় ফিরিয়ে নিয়ে আসেন তিনি। এরপর বোপারা মাত্র ৬ রানে মোহাম্মদ সামির বলে বোল্ড হলে জয়ের শেষ আশাটিও নিভে যায় ইংলিশদের। শেষ পর্যন্ত ২০ ওভারে তাদের সংগ্রহ ছিল ৬ উইকেট ১৫৮। লক্ষ্যমাত্রার চেয়ে ২০ রান পেছনে।