ইংল্যান্ডকে হারিয়ে বৃত্ত পূরণ
ফুটবলের ডামাডোলে কাল বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচ কি দেখেননি? হররোজ দলটা আপনাকে হতাশায় পোড়ায় বলে অভিমানে মুখ ফিরিয়ে রেখেছিলেন? মাফ করবেন, বলতেই হচ্ছে, বড় একটা ভুল করে ফেলেছেন। টেলিভিশনের পর্দায় হলেও ইতিহাসের প্রত্যক্ষদর্শী হওয়ার সুবর্ণ সুযোগটা হারিয়ে ফেলেছেন আপনি। বাংলাদেশ যে অবশেষে একটা জয় পেল ইংল্যান্ডের বিপক্ষে! তাও সে কী নাটকীয়তায় মোড়ানো, ওয়ানডে ক্রিকেটের ক্লাসিক শীতল উত্তেজনা ছড়ানো একটা ম্যাচ!টেস্ট খেলুড়ে সব দেশকেই ক্রিকেটের কোনো না কোনো সংস্করণে হারিয়েছে বাংলাদেশ। শুধু ইংল্যান্ডই বাদ ছিল। অবশেষে ‘আনলাকি’ তেরতম বারের চেষ্টায় ইংলিশদের অহংবোধে আঘাত। সব দলের বিপক্ষে জয়ের বৃত্তটা পূরণ করে ফেলল বাংলাদেশ। সব ধরনের ক্রিকেট মিলিয়ে টানা ২৪ ম্যাচে হেরে যাওয়ার পর এল এই জয়। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে বধ করেছিল বাংলাদেশ। পাশের শহর ব্রিস্টলে এল ৫ রানের এই ঐতিহাসিক জয়!জয়টা মাত্র ৫ রানের—এতেও যদি নাটকের আঁচটা টের পেয়ে না থাকেন, আরও দুটো তথ্য সহায়ক হতে পারে আপনার। ম্যাচটা শেষ হয়েছে শেষ ওভারের তৃতীয় বলে, পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল, নামবেন কি নামবেন না—এই দোলাচলে ভুগতে ভুগতে শেষ পর্যন্ত মাঠে নেমেছেন ইয়ান বেল। বাংলাদেশ ব্যাট করার সময় গোড়ালিতে ব্যথা পাওয়া বেল ১১ নম্বর ব্যাটসম্যান হিসেবে নেমেছেন পায়ে বিশেষ ধরনের জুতার রক্ষাকবচ নিয়ে, খোঁড়াতে খোঁড়াতে।অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজার ফেরাটাও হলো দুর্দান্ত। প্রত্যাবর্তন-ইনিংসের দ্বিতীয় ম্যাচেই জয়। জয়ের নায়ক অবশ্য একক কেউ নন। চাপের মুখে দুর্দান্ত অধিনায়কত্ব, ভালো বোলিং আর ২ উইকেট নেওয়ার পুরস্কার হিসেবে ম্যাচ-সেরা মাশরাফিই হয়েছেন। তবে অধিনায়ক নিঃসংকোচে সেটি ভাগ করে দেবেন তাঁর সব বোলারের মধ্যেই। বাড়তি পিঠ চাপড়ানো থাকবে শফিউল ইসলাম ও ইমরুল কায়েসের জন্য।ব্যাট হাতে ইমরুলের ৭৬ রানের ইনিংসটা পরে মহামূল্যবান হয়ে দাঁড়িয়েছে। আর নিজের প্রথম ওভারে ১২ রান দিয়ে শুরু করা শফিউল টানা তিনটি মেডেন ওভার দিয়ে ইংলিশদের গলায় আস্কিং রান রেটের ফাঁসটা আরও টেনে ধরেছেন। সেটিরই পুরস্কার হিসেবে পেয়েছেন লুক রাইটের উইকেট। গলার কাঁটা হয়ে ওঠা জোনাথন ট্রট শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন শফিউলের বলেই। আবেগে-উত্তেজনায় কাঁপা কণ্ঠে বাংলাতেই সাক্ষাৎকার দিলেন নাসের হুসেইনকে। দোভাষী হিসেবে তামিম ছিলেন, না থাকলেও বুঝে নিতে কষ্ট হওয়ার কথা নয় ভাষ্যকার হুসেইনের। উচ্ছ্বাসের ভাষা যে সব দেশেই এক রকম!ম্যাচটায় এমন নাটক জমবে অনুমান করা কঠিন ছিল। অনুমান করা গেলে ক্রিকেট আবার ‘গৌরবময় অনিশ্চয়তা’র খেলা কেন! আর তাই ‘৩০০ রান করার দিনে’ বাংলাদেশ তুলতে পারল মাত্র ২৩৬। আর অনায়াস জয় পাওয়ার দিনে খোঁড়াতে খোঁড়াতে শেষ পর্যন্ত আত্মসমর্পণই করল ইংলিশরা। সিরিজে এখন ১-১ সমতা। বার্মিংহামে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ আগামীকাল।টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের ৩০০ রানই করা উচিত ছিল। অন্তত ২৯ ওভার শেষে স্কোরকার্ড তেমন পূর্বাভাসই দিচ্ছিল। ২ উইকেটে ১৪২—এখান থেকে বাংলাদেশ পরের ৯ ওভারে তুলল ৩২ রান, সেটিও তিন উইকেট হারিয়ে।২৩৬ রানের পুঁজি নিয়ে জুয়া খেলা ছাড়া আর কোনো উপায় থাকে না। সেই জুয়াটাই খেলেছেন মাশরাফি। দ্বিতীয় ওভারেই আক্রমণে এনেছেন স্পিনার আবদুর রাজ্জাককে। মাশরাফি-রাজ্জাকের কৃপণ বোলিং, পরপর দুই ওভারে রুবেল হোসেনের জোড়া আঘাত শুরুতেই ইংলিশদের চাপে ফেলে দিয়েছিল। ফলাফল ১১৫ রানে প্রথম ৫ উইকেট নেই। ১৪৬ রানে ষষ্ঠ উইকেটের পতনের পর দিগন্তে জয়ের রেখা আরও উজ্জ্বল হয়ে ওঠে। বেল ব্যাটিং করতে পারবেন না—এমনই শোনা যাচ্ছিল, যার অর্থ ৩টি উইকেট পেলেই জয়!কিন্তু সেটাকেই কঠিন বানিয়ে ফেললেন ট্রট। অষ্টম উইকেটে স্টুয়ার্ড ব্রডের সঙ্গে তাঁর ৪৩ রানের জুটিটি বড় যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছিল। ৪৭তম ওভারের প্রথম বলে মাশরাফির বলে ব্রডের বিদায়ে জয়ের সুবাস পেতে শুরু করে বাংলাদেশ। ২৩ বলে ২৮ রান দরকার ইংল্যান্ডের, বেল নামবেন না ধরে নিয়ে বাংলাদেশের দরকার মাত্র একটি উইকেট!অভিষেকের পর থেকেই নিজের কঠিন স্নায়ুর পরিচয় দিয়ে চলা ট্রট ৪৯তম ওভারে পরপর দুটো চার মেরে ম্যাচটা বের করেই নিয়েছিলেন প্রায়। কিন্তু ওই ওভারের শেষ বলে অ্যান্ডারসনকে ফিরিয়ে দিয়ে জয়ের আনন্দ শুরু করে দেয় বাংলাদেশ। জয়ের স্মারক হিসেবে স্টাম্প তোলার প্রতিযোগিতাও শুরু হয়ে গিয়েছিল। ড্রেসিংরুমের ব্যালকনি থেকে দুঃসংবাদ দেন কোচ জেমি সিডন্স। এউইন মরগানকে রানার নিয়ে দর্শকদের তুমুল অভিনন্দনের মধ্যে খোঁড়াতে খোঁড়াতে মাঠে নামেন বেল। কিন্তু শফিউল শেষ ওভারের তৃতীয় বলে ট্রটকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেন আনন্দে।জোনাথন ট্রটের জন্মভূমিতেই হচ্ছে ফুটবল বিশ্বকাপ। সেটিতে বুঁদ হয়ে থেকে যদি বাংলাদেশের ক্রিকেট ম্যাচের কথা ভুলে গিয়ে থাকেন; তা হলে ইতিহাসের সাক্ষী হওয়া হয়নি আপনার!