ইংল্যান্ডকে ২৮০ রানের চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার
অ্যাশেজ সিরিজে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়লেও ওয়ানডে সিরিজে ৫-১-এ সিরিজ জয় নিশ্চিত করে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। আর বিশ্বকাপের আগে এই পারফরম্যান্সটা নিশ্চিতভাবেই একটা বড় অনুপ্রেরণা হিসেবেই কাজ করবে অসি শিবিরে। আজ শেষ ওয়ানডেতেও ডেভিড হাসি আর অ্যাডাম ভগের ব্যাটে ভর করে ২৭৯ রানের লড়িয়ে পুঁজি ঝুলিতে পুরেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ইংল্যান্ডও প্রাণপণ লড়াই চালাচ্ছে শেষ ওয়ানডেটা জিতে কিছুটা সম্মান নিয়ে বাড়ি ফেরার জন্য।আজ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের সপ্তম ও শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার বদলি অধিনায়ক ক্যামেরন হোয়াইট। কিন্তু চতুর্থ ওভারেই ওপেনার টিম পেইনকে সাজঘরে পাঠিয়ে অস্ট্রেলিয়াকে একটা বড় ধাক্কা দেন লিয়াম প্লাঙ্কেট। এরপর নিয়মিত বিরতিতে বিদায় নেন ফার্গুসন (১৫), ব্রাড হাডিন (২৭) ও ক্যামেরন হোয়াইট (২৪)। অস্ট্রেলিয়ার সংগ্রহ তখন চার উইকেটে ১০৩ রান। পঞ্চম উইকেটে ৯৫ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে কিছুটা ভালো অবস্থানে নিয়ে যান ডেভিড হাসি ও অ্যাডাম ভগ। ৬০ রান করে হাসি ফিরে গেলেও শেষ পর্যন্ত উইকেটে থেকে রানের গতি আরও বাড়িয়েছেন ভগ। তিনি অপরাজিত ছিলেন ৮০ রানে। শেষ পাঁচ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর বোর্ডে যোগ হয়েছে ৫১ রান। ৪৮ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন।— রয়টার্স/ক্রিকইনফো