ইংল্যান্ডকে ৪-১ গোলে উড়িয়ে শেষ আটে জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্থান করে নিয়েছে জার্মানি। আজকের ম্যাচে জার্মানি দেখিয়ে দিয়েছে ফুটবলে প্রতি-আক্রমণে তারা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। খেলার ৬৭ ও ৭০ মিনিটে এমনই দুটি ভয়ঙ্কর প্রতি-আক্রমণ থেকে টমাস মুলারের ২ গোল ম্যাচ থেকে পুরোপুরিই ছিটকে দেয় ইংল্যান্ডকে।প্রথমার্ধের ২০ মিনিটের সময় জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা দলের পক্ষে প্রথম গোলটি করেন। ৩২ মিনিটে জার্মানিকে ২-০ গোলে এগিয়ে নেন লুকাস পোডলস্কি। ৩৭ মিনিটের সময় ইংল্যান্ডের ম্যাথু আপসন দলের পক্ষে একমাত্র গোলটি করেন।ম্যাচের ৩৮ মিনিটের সময় জার্মানির বক্সের ঠিক মাথা থেকে নেওয়া ফ্রাংক ল্যাম্পার্ডের শট জার্মান গোলরক্ষক ন্যুয়েরকে পরাস্ত করে এবং বল ক্রসবারে লেগে জার্মান গোলবারও অতিক্রম করে। কিন্তু পুরো ব্যাপারটিই উরুগুয়ের রেফারি জর্জ ল্যারিওন্ডা ও লাইন্সম্যানদ্বয়ের দৃষ্টি এড়িয়ে যায়। ঘটনাটিতে ইংল্যান্ড নিজেদের দুর্ভাগা মনে করতেই পারে। প্রথমার্ধে জার্মানি ২-১ গোলে এগিয়ে ছিল।দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড গোল শোধ করার জন্য মরিয়া হয়ে আক্রমণ করতে থাকে। এ সময় জার্মানি পাল্টা আক্রমণ-নির্ভর খেলার দিকে মনোযোগী হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য ফ্রাংক ল্যাম্পার্ডের একটি দূরপাল্লার শট জার্মান ক্রসবারে লেগে ফিরে আসে।তবে সেই ৬৭ ও ৭০ মিনিটের সময় প্রতি-আক্রমণ চালিয়ে করা টমাস মুলারের গোল দুটি ইংল্যান্ডের কফিনে পেরেক ঠুকে দেয়।খেলায় পুরো সময়ই ইংল্যান্ডের পায়ে বেশি বল ছিল। কিন্তু খেলার স্কোরলাইন বলছে ভিন্ন কথা। ইংল্যান্ডের কাছে বলের নিয়ন্ত্রণ বেশি থাকলেও জার্মানের আক্রমণগুলো ছিল ক্ষুরধার। ধারাল প্রতি-আক্রমণেই শেষ পর্যন্ত ইংল্যান্ডকে বিধ্বস্ত করে দিয়ে শেষ আটে জায়গা করে নিল জার্মানি। কোয়ার্টার ফাইনালে জার্মানি আজ রাতে অনুষ্ঠেয় আর্জেন্টিনা ও মেক্সিকো ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে খেলবে।