ইংল্যান্ডকে 'গোলাপিধোলাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওরা ১১ জন! পুরো সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নেমেছেন এই ১১ জনই। প্রবল দাপটে চিরশত্রুদের কাছ থেকে অ্যাশেজ কেড়ে নিয়েছেন। অধিনায়কের হাতে ক্রিস্টাল ট্রফি, সিডলের হাতে ভস্মাধার। ইতিহাস আর এই সময় মিলেমিশে একাকার অস্ট্রেলিয়ার উদ্যাপনে ছবি: এএফপি
ওরা ১১ জন! পুরো সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নেমেছেন এই ১১ জনই। প্রবল দাপটে চিরশত্রুদের কাছ থেকে অ্যাশেজ কেড়ে নিয়েছেন। অধিনায়কের হাতে ক্রিস্টাল ট্রফি, সিডলের হাতে ভস্মাধার। ইতিহাস আর এই সময় মিলেমিশে একাকার অস্ট্রেলিয়ার উদ্যাপনে ছবি: এএফপি

বয়েড র্যাঙ্কিনের ব্যাটে ছোবল দিয়ে আসা বলটি হাতে জমাতে লাফ দিলেন মাইকেল ক্লার্ক, আর মাটির ছোঁয়াই পাচ্ছিলেন না। অধিনায়ককে আকাশে তুলে ধরলেন স্টিভেন স্মিথ। তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়লেন হাডিন-ওয়ার্নার-বেইলিরা। কীভাবে যেন তখন পাশাপাশি হয়ে গেছেন জনসন-হ্যারিস-সিডল-লায়ন। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের চার সেনানী আলিঙ্গনে জড়ালেন পরস্পরকে, বন্ধন আর ছোটেই না!
জয়ী বীরেরা যখন বাঁধনহারা আনন্দে কী করবেন ভেবে পাচ্ছেন না, সিডনির পুরো গ্যালারি তখন দাঁড়িয়ে। দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছিল এমনকি বার্মি আর্মিও। ধারাভাষ্যকার মার্ক নিকোলাসের উচ্চারণ, ‘দ্য রিডেম্পশন ইজ কমপ্লিট।’ বড় পর্দায় তখন গোলাপি অক্ষরে ভেসে উঠেছে, ‘৫-০।’
সিডনির গ্যালারিই কাল ছিল গোলাপি সমুদ্র। প্রয়াত স্ত্রী জেন ম্যাকগ্রার স্মরণে সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা-প্রতিষ্ঠিত ম্যাকগ্রা ফাউন্ডেশনের সহায়তায় ছয় বছর ধরেই সিডনি টেস্টের আরেক নাম ‘পিংক’ টেস্ট। আর এই টেস্টের তৃতীয় দিন ‘জেন ম্যাকগ্রা ডে’ বা ‘পিংক ডে’। এবার টেস্টের প্রথম দিনেই ধারাভাষ্যকক্ষে ম্যাকগ্রা বলেছিলেন, ‘ছেলেরা সত্যিই ৫-০ করতে পারলে আমি এটাকে বলব পিংকওয়াশ।’ পূর্বসূরিকে শ্রদ্ধা জানাতেই কি না, পিংক ডেতেই পিংকওয়াশ সেরে ফেলল অস্ট্রেলিয়া!
স্বতঃস্ফূর্ত বাঁধনহারা উল্লাসেই থেমে ছিল না উদ্যাপন। অস্ট্রেলিয়ায় গত অ্যাশেজ জিতে গ্রায়েম সোয়ানের নেতৃত্বে মাঠেই স্প্রিংকলার নৃত্যে মেতেছিল ইংলিশরা। কাল সিডনির গ্যালারি আর টিভি পর্দার কোটি দর্শককে অভূতপূর্ব ঘটনার সাক্ষী করে রাখলেন ক্লার্করা। অস্ট্রেলিয়ার দলীয় সংগীত এত দিন ছিল শুধুই ড্রেসিংরুমের একান্ত ব্যাপার। কাল জয়ের পর উইকেটেই কাঁধে কাঁধ রেখে গোল হয়ে ‘আন্ডারনিথ দ্য সাউদার্ন ক্রস’ গাইলেন সবাই। মাঝখানে নাচতে নাচতে তাল ধরিয়ে দিচ্ছিলেন নাথান লায়ন, অবসর নেওয়ার পর মাইকেল হাসি জয় সংগীত গাইবার দায়িত্ব দিয়ে গেছেন যাঁকে। শেষ নয় এখানেই। পতাকা হাতে ‘ল্যাপ অব অনার’ হলো, চলল গ্যালারির দর্শকদের সঙ্গে গণহাত মোলানো। অস্ট্রেলিয়ার এমন দীর্ঘ উদ্যাপনও বুঝি একটা ইতিহাস!
কাল চা-বিরতির সময়ও বোঝা যায়নি তিন দিনেই শেষ হবে ম্যাচ। ৬ উইকেট হাতে নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া অলআউট হয়েছে লাঞ্চের পর। সিরিজে দ্বিতীয় সেঞ্চুরিটিকে ক্রিস রজার্স রূপ দিয়েছেন ক্যারিয়ার-সেরা ইনিংসে। ৪৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ড চা-বিরতিতে যায় ৩ উইকেটে ৮৭ রান নিয়ে। বিরতির পরই ভোজভাজির মতো পাল্টে গেল সব। জনসনের তোপ আর লায়নের ঘূর্ণিতে দুই ওভারেই নেই ৪ উইকেট! স্টুয়ার্ট ব্রড আর বেন স্টোকসের ছোট্ট দুটি ঝোড়ো ইনিংস জয়টাকে বিলম্বিত করল বটে। তার পরও চা-বিরতির পর ৫২ মিনিটেই শেষ ইংল্যান্ড। শেষটাও হলো প্রতীকী, রায়ান হ্যারিসের বলে র্যাঙ্কিনের ক্যাচ নিলেন ক্লার্ক। সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার ৫-০ জয়ের মতো হ্যারিসের টানা পাঁচ টেস্ট খেলাও ছিল অভাবনীয়। কিন্তু চোটপ্রবণ হ্যারিস শুধু খেললেনই না, শেষ দিনে ৫ উইকেট নিয়ে তিনিই ম্যাচসেরা। আর অবিস্মরণীয় এই ঘুরে দাঁড়ানোর নেতা তো ক্লার্কই!
ম্যাচ শেষে অশ্রুসিক্ত ক্লার্ক বললেন, ‘সত্যিই স্পেশাল একটি মুহূর্ত।’ ‘তলানিতে ঠেকা’ অ্যালিস্টার কুক অনুপ্রেরণা খুঁজছেন অস্ট্রেলিয়ায় সর্বশেষ ধবলধোলাইয়ের পর ঘুরে দাঁড়ানোর স্মৃতি থেকে। অতীতচারী হয়ে কুক যখন ভবিষ্যতে চোখ রাখছেন, ক্লার্কের বসবাস আনন্দময় বর্তমানে। টানা তিন অ্যাশেজে হারের ক্ষতে খানিকটা প্রলেপ ৫-০ জয়ের উচ্ছ্বাসে। হাতেনাতে পুরস্কার র্যাঙ্কিংয়ে তিনে ওঠা। আর তাঁর নিজের জায়গা ইতিহাসে। প্রথম দিন টসের সময় ক্লার্ককে জিজ্ঞেস করা হয়েছিল, ‘অ্যাশেজে হোয়াইটওয়াশ করা দুই অধিনায়কের নাম জানেন?’ ক্লার্কের ঝটপট উত্তর ছিল, ‘ওয়ারউইক আর্মস্ট্রং ও রিকি পন্টিং।’
ক্লার্ক জানেন, গোটা ক্রিকেট-বিশ্ব জানে, সংখ্যাটা এখন তিন! তথ্যসূত্র: স্টার স্পোর্টস ১।
অ্যাশেজের সেরা পাঁচ
ব্যাটসম্যান
ম্যাচ ইনিংস অপ. রান সর্বোচ্চ গড় ১০০/৫০
ডেভিড ওয়ার্নার ৫ ১০ ১ ৫২৩ ১২৪ ৫৮.১১ ২/২
ব্র্যাড হাডিন ৫ ৮ ০ ৪৯৩ ১১৮ ৬১.৬২ ১/৫
ক্রিস রজার্স ৫ ১০ ০ ৪৬৩ ১১৯ ৪৬.৩০ ২/৩
মাইকেল ক্লার্ক ৫ ১০ ১ ৩৬৩ ১৪৮ ৪০.৩৩ ২/০
শেন ওয়াটসন ৫ ১০ ১ ৩৪৫ ১০৩ ৩৮.৩৩ ১/২
বোলিং
ম্যাচ ওভার রান উইকেট সেরা গড় ৫/১০
মিচেল জনসন ৫ ১৮৮.৪ ৫১৭ ৩৭ ৭/৪০ ১৩.৯৭ ৩/০
রায়ান হ্যারিস ৫ ১৬৬.২ ৪২৫ ২২ ৫/২৫ ১৯.৩১ ১/০
স্টুয়ার্ট ব্রড ৫ ১৬১.৫ ৫৭৮ ২১ ৬/৮১ ২৭.৫২ ১/০
নাথান লায়ন ৫ ১৭৬.২ ৫৫৮ ১৯ ৫/৫০ ২৯.৩৬ ১/০
পিটার সিডল ৫ ১৫৬.৪ ৩৮৬ ১৬ ৪/৫৭ ২৪.১২ ০/০