ইংল্যান্ডে অঘটনের রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের শেষ রাতটিতে ইংলিশ ফুটবলে যা ঘটল, তাতে সংক্ষেপে বলা যায়—অঘটনের রাত। যে রাতে মাঠে না নেমেও ‘বড়’ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি! পয়েন্ট তালিকা বিবেচনায় তাদের প্রধান তিন প্রতিদ্বন্দ্বীই যে পয়েন্ট খুইয়েছে। এর মধ্যে সবচেয়ে ‘বড়’ প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে হেরেছে চেলসিও। ড্র করেছে টটেনহাম।জয় অথবা ড্র করে শীর্ষে উঠে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে চাপে রাখবেন—৭০তম জন্মদিনে এই ছিল স্যার অ্যালেক্স ফার্গুসনের চাওয়া। জন্মদিনে গুরুকে খুব করে ভালো একটা উপহার দিতে চেয়েছিলেন নানি-বারবেতভ-ভ্যালেন্সিয়ারাও। কিন্তু যে উপহার তাঁরা দিলেন, তাতে ‘চিরতরুণ’ কোচের উজ্জ্বল মুখে নেমে এসেছে অন্ধকার! জয় নয়, পুঁচকে ব্ল্যাকবার্ন ম্যানইউর মাঠে এসে ফার্গুসনের দলকে দিয়ে গেল ৩-২ গোলের ‘হার’ উপহার।যে ব্ল্যাকবার্ন আগের ১৮ ম্যাচের মাত্রই দুটিতে জিতেছে এবং দুটিই নিজেদের মাঠে, তারাই কাল ওল্ড ট্রাফোর্ডে করল আনন্দোৎসব। তাতে অদৃশ্যে হাততালি দিয়ে গেল স্কোরবোর্ড; যাতে লেখা—ম্যানইউ ২: ৩ ব্ল্যাকবার্ন।একপর্যায়ে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়া ম্যানইউকে ১০ মিনিটের মধ্যে দুই গোল করে (৫২ ও ৬২ মিনিটে) সমতায় ফেরান দিমিতার বারবেতভ। ম্যাচের তখনো ৩৮ মিনিট বাকি। মনে হচ্ছিল, শুরুর ব্যর্থতাকে ছাপিয়ে ফার্গুসনের আশাই বুঝি পূরণ হচ্ছে। কিন্তু ৮০ মিনিটে ওল্ড ট্রাফোর্ডকে নিস্তব্ধ করে দেন গ্রান্ট হ্যানলি। তবে জয়ের নায়ক ১৬ ও ৫১ মিনিটে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেওয়া নাইজেরিয়ান স্ট্রাইকার আইয়েগবেনি ইয়াকুবু। এই জয়ে পয়েন্ট তালিকার তলানি থেকে ব্ল্যাকবার্ন উঠে এসেছে ১৮ নম্বরে।ব্ল্যাকবার্নের উপহারকে আজ ম্যান সিটি ‘উপহার’ হিসেবে গ্রহণ করতে পারে কি না, সেটাই দেখার। আজ সান্ডারল্যান্ডের বিপক্ষে জিতলেই ম্যানইউর চেয়ে তিন পয়েন্টে এগিয়ে যাবে ম্যান সিটি।দিদিয়ের দ্রগবার ১৫০তম গোলের মাইলফলক স্পর্শের দিনে স্টামফোর্ড ব্রিজে এসে চেলসিকে ৩-১ গোলের লজ্জা দিয়ে গেছে অ্যাস্টন ভিলা। টটেনহাম পয়েন্ট খোয়ালো সোয়ানসির সঙ্গে ১-১ গোলে ড্র করে। জায়ান্টদের মধ্যে বছরের শেষ রাতটি ব্যতিক্রম কাটল শুধু আর্সেনালের। অধিনায়ক রবিন ফন পার্সির গোলে তারা ১-০ গোলে হারিয়েছে কুইন্স পার্ক রেঞ্জার্সকে। চেলসিকে (৩৪) টপকে আর্সেনাল (৩৬) এখন চারে। দুই গোল করলেই ইংলিশ লিগে এক পঞ্জিকাবর্ষে অ্যালান শিয়েরারের সর্বোচ্চ ৩৬ গোলের রেকর্ডে ভাগ বসাতে পারতেন পার্সি। ডাচ তারকা বছর শেষ করলেন ৩৫ গোল করে।এদিকে টানা দুই ড্রয়ের পর পরশু রাতে জয়ের দেখা পেয়েছে লিভারপুল। ক্রেগ বেলামির জোড়া গোল ও অধিনায়ক স্টিফেন জেরার্ডের গোলে তারা নিউক্যাসলকে হারিয়েছে ৩-১-এ। এএফপি।