ইংল্যান্ডে আস্থা বোথামের
এক নম্বরে ওঠার পর ইংল্যান্ডের মূল লক্ষ্য ছিল এশীয় জুজু কাটানো। জুজু কাটানো তো বহুদূর, উল্টো এক নম্বর জায়গাটাই হারাতে হচ্ছিল। পাকিস্তানের কাছে ধবলধোলাইয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টেও হার। কলম্বো টেস্ট জিতে কোনো রকমে শীর্ষস্থান ধরে রাখতে পেরেছে ইংল্যান্ড। কত দিন পারবে, এই নিয়ে আছে সংশয়। তবে ইয়ান বোথামের বিশ্বাস, আরও বেশ কিছুদিন অন্তত চূড়ায় থাকতে পারবে ইংল্যান্ড।সামনে কঠিন কিছু পরীক্ষা আছে ইংল্যান্ডের। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজের পর আছে ভারত সফর। এক নম্বর ধরে রাখা নিয়ে সংশয় তাই অনেকেরই আছে। তবে সংশয় নেই বোথামের, ‘ইংল্যান্ড খুব ভালো দল। জানি না এই শীতের প্রথম ভাগটায় কী সমস্যা হয়েছিল। বোলাররা পুরো সময়টাই দুর্দান্ত ছিল কিন্তু ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। জানি না কেন, আমার ধারণা ব্যাটসম্যানরাও জানে না। তবে ইংল্যান্ড এখনো এক নম্বর এবং বেশ কিছুদিন এক নম্বরেই থাকবে।’সাবেক অলরাউন্ডারের ধারণা, ভুল থেকে শিক্ষা নেবে ইংল্যান্ড, ‘এই শীতটা ছিল ইংল্যান্ডের শেখার সময়। শীর্ষে ওঠার পর কখনো কখনো আত্মতুষ্টি ভর করতে পারে। ইংল্যান্ডের হয়তো এমন কিছু হয়েছিল। এখন ইংল্যান্ড আবার ভালো করবে। সামনে তিন-চার বছরে ইংল্যান্ডের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। আমার ধারণা, ইংল্যান্ড এই চ্যালেঞ্জের জবাব ভালোভাবেই দেবে।’ এএফপি।