ইংল্যান্ডে কালু, ইতালিতে পাজ্জিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সলোমন কালু আর কার্লো জিয়ামপাওলো পাজ্জিনি—ইউরোপের ফুটবলের পরশু রাতের আলোচনার প্রায় পুরোটাতেই ছিলেন এ দুজন। কালু হ্যাটট্রিক করে চেলসির শিরোপা-স্বপ্নটাকে ধরে রেখেছেন। আর জোড়া গোল করে এএস রোমার শিরোপা-স্বপ্নে জোর ধাক্কা দিয়েছেন সাম্পদোরিয়ার পাজ্জিনি। কালুর হ্যাটট্রিকের সঙ্গে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের জোড়া গোল আর ড্যানিয়েল স্টারিজ ও ফ্লোরেন্ত মালুদার গোল মিলিয়ে স্টোক সিটিকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানটাও ধরে রাখল তারা। সিরি ‘আ’তে পাজ্জিনির দুই গোলে সাম্পদোরিয়ার কাছে ১-২ গোলে হেরে শীর্ষস্থান হারিয়েছে এএস রোমা।গত শনিবার নিজেদের মাঠে টটেনহাম হটস্পারকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছিল ম্যানইউ। শিরোপার প্রতিদ্বন্দ্বীদের চাপে ফেলার জন্য এর পর মনস্তাত্ত্বিক খেলাও খেলেছিলেন ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসন, ‘চেলসিই এখন চাপে থাকবে।’ কিন্তু আইভরিয়ান মিডফিল্ডার কালুর কাঁধে চড়ে তথাকথিত সেই চাপকে ছুড়ে ফেলল চেলসি।হ্যাঁ, কালুর কাঁধে চড়ে। যে কালু একজন উইঙ্গার বা আক্রমণাত্মক মিডফিল্ডার। কখনো কখনো দ্বিতীয় স্ট্রাইকার হিসেবেও খেলেন। তবে চেলসিতে দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে খেলার জায়গা কই তাঁর! দিদিয়ের দ্রগবা, নিকোলাস আনেলকার মতো প্রথম সারির স্ট্রাইকাররা যে খেলেন সেখানে। পরশুও দুজনই খেলেছেন। তবে তাঁদের কেউ গোল করতে পারেননি। হ্যাটট্রিক করলেন চেলসির হয়ে এই চার মৌসুমে ১০৬ ম্যাচে মাত্র ৩৯টি গোল করা দ্রগবার স্বদেশি-সতীর্থ কালু। এই হ্যাটট্রিকের পরও এ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৯ ম্যাচে মাত্র তাঁর গোল মাত্র ৪টি। কালু দুর্দান্ত পারফরম্যান্স করলেন, ৩৬ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি (১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানইউ)। স্টামফোর্ড ব্রিজে শিরোপার গন্ধ। তবে সবকিছুর পরও চেলসি কোচ কার্লো আনচেলত্তি সতর্ক, ‘আমার মনে হয়, ম্যানইউ সান্ডারল্যান্ড আর স্টোকের বিপক্ষে ম্যাচ দুটি জিতবে। শিরোপা এখন আমাদের হাতে। তবে আমাদেরও দুটি ম্যাচই জিততে হবে। আমাদের দুটি ম্যাচই কঠিন।’ শেষেরটি অবশ্যই কঠিন। ম্যাচটি যে লিভারপুলের বিপক্ষে। পরশু স্টিভেন জেরার্ডের জোড়া গোলের সঙ্গে ম্যাক্সি ও বাবেলের গোল মিলে পরশু যারা বার্নলিকে বিধ্বস্ত করে ৪-০-তে।সিরি ‘আ’তে আগের দিন আটালান্টাকে হারিয়ে নিজেদের কাজটা করে রেখেছিল ইন্টার মিলান। কিন্তু রোমা তাদের কাজটা করতে পারেনি। নিজেদের মাঠে অধিনায়ক টট্টির ১৪ মিনিটের গোলে এগিয়ে যাওয়ার পর হেরে গেছে তারা। পাজ্জিনি তাঁর গোল দুটি করেছেন ৫২ ও ৮০ মিনিটে।হেরে রোমা ছিটকে পড়ল শীর্ষস্থান থেকে (৩৫ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রোমা, শীর্ষে থাকা রোমার সমান ম্যাচে ৭৩ পয়েন্ট) ছিটকে পড়ল। আর সাম্পদোরিয়া জিতে চ্যাম্পিয়নস লিগে থাকার দাবিটা আরও জোরালো করল। ৩৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে তারা। তৃতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট ৬৪। আর বারিকে ৩-০ গোলে হারানোর পরও ৫৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে জুভেন্টাস। এএফপি।