ইংল্যান্ডে নেগ্রেদো, ফ্রান্সে ইব্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যান সিটির ‘হ্যাটট্রিক হিরো’ আলভারো নেগ্রেদো ।  রয়টার্স
ম্যান সিটির ‘হ্যাটট্রিক হিরো’ আলভারো নেগ্রেদো । রয়টার্স

ইংল্যান্ডে আলভারো নেগ্রেদো, ফ্রান্সে জ্লাতান ইব্রাহিমোভিচ। পরশু রাতটা দুই স্ট্রাইকারের আলোয় হলো আলোকিত। দুজনই হ্যাটট্রিক করেছেন! নেগ্রেদোর হ্যাটট্রিকে লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে ৬-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। আর ইব্রাহিমোভিচের কল্যাণে স্তাদে ব্রেস্তকে ৫-২ গোলে হারিয়ে ফ্রেঞ্চ কাপের তৃতীয় রাউন্ডে উঠে গেছে পিএসজি।
ইতিহাদ স্টেডিয়াম যেন প্রতিপক্ষের জন্য বধ্যভূমি। সোয়ানসি, টটেনহাম, আর্সেনালের পর সেটা এবার টের পেল ওয়েস্ট হাম। নিজেদের মাঠে এ নিয়ে গত ১৫ ম্যাচে সিটি ৫৯টি গোল করেছে! তার মানে ম্যাচপ্রতি প্রায় চার গোল! এই মৌসুমে এর মধ্যেই তাদের গোল হয়েছে ৯২টি, অথচ গত মৌসুমে সবসুদ্ধ তারা এর চেয়ে মাত্র ১ গোল বেশি করেছিল।
চোটের কারণে সার্জিও আগুয়েরো নেই। কিন্তু নেগ্রেদো-জেকোরা থাকতে ভাবনা কী? ১২ মিনিটেই ইয়াইয়া তোরের দুর্দান্ত একটা পাস ধরে স্বাগতিকদের এগিয়ে দেন নেগ্রেদো। হ্যাটট্রিকটাও পূর্ণ হয়ে যায় ৪৯ মিনিটে। মৌসুমে এখন পর্যন্ত ১৮ গোল হয়ে গেল নেগ্রেদোর। আর ইতিহাদে তো আরও ভয়ংকর, এখানে গত ১১ ম্যাচে ১২ গোল স্প্যানিশ স্ট্রাইকারের। বিরতির আগে অবশ্য তোরে একটা গোল করেছিলেন। পরে জোড়া গোল করে হাফ ডজন পূর্ণ করেছেন বসনিয়ান স্ট্রাইকার এডিন জেকো।
লিগ কাপের দ্বিতীয় লেগটা এখন আনুষ্ঠানিকতা। ম্যানুয়েল পেলেগ্রিনি বলতেই পারেন, ‘আজকের ফলটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ফুটবলে আসলে শেষ বলে কিছু নেই। কিন্তু আমি মনে করি আমাদের এক পা এখন ফাইনালে।’
ফ্রেঞ্চ কাপে পিএসজি-ব্রেস্ত ম্যাচটি হওয়ার কথা ছিল গত রোববারই। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেটা সরিয়ে নিয়ে আসা হয় গত পরশু। ইব্রার জন্য সেটা একদিক দিয়ে ভালোই হয়েছে! পরশু হ্যাটট্রিক করে ফেলেন ৩৯ মিনিটের মধ্যেই। পিএসজিও ৪৬ মিনিটের মধ্যে দিয়ে দেয় ৫ গোল। পরে আর গোল হয়নি। এএফপি।