ইংল্যান্ডে পাড়ি পাওলিনহোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করিন্থিয়ানস ছেড়ে টটেনহামে যোগ দিচ্ছেন পাওলিনহো। কথাবার্তা পাকা। আগামী দু-এক দিনের মধ্যেই ইংল্যান্ডে গিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর চুক্তিপত্রে সই করবেন। টটেনহামের সঙ্গে চুক্তিটা হবে দুই কোটি ৪০ লাখ ইউরোর।পাওলিনহো—পুরো নাম হোসে পাওলো বেজেরা মেসিয়েল জুনিয়র। কদিন আগেও ব্রাজিলের ২৪ বছর বয়সী মিডফিল্ডারকে সেভাবে কেউ চিনত না। কিন্তু কনফেডারেশনস কাপ অখ্যাত পাওলিনহোকে এনে দিয়েছে তারকাখ্যাতি। ব্রাজিলকে টানা তৃতীয় শিরোপা জেতাতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। জাভি-ফোরলান-সুয়ারেজ-পিরলোদের মতো তারকাদের পেছনে ফেলে জিতেছেন টুর্নামেন্টের তৃতীয় সেরা খেলোয়াড়ের পুরস্কার—ব্রোঞ্জের বল।কনফেডারেশনস কাপ জয়ের আনন্দের মধ্যেও পরশু পাওলিনহো নিজেই নিশ্চিত করেছেন ইউরোপে পাড়ি জমানোর বিষয়টি। টটেনহাম অবশ্য এখনো কিছুই জানায়নি। করিন্থিয়ানসের সংবাদ সম্মেলনে আবেগভরা কণ্ঠে বলেছেন, তাঁকে পেতে আগ্রহী ছিল ইন্টার মিলানও। কিন্তু আনুষ্ঠানিক প্রস্তাব করেছে শুধু টটেনহামই। করিন্থিয়ানস প্রস্তাবটি গ্রহণও করেছে। ২০০৬ সালে অডাক্স সাও পাওলোর হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা পাওলিনহো অবশ্য ইউরোপে খেলেছেন আগেই। তবে নামীদামি কোনো ক্লাব বা লিগে নয়। এক বছর করে খেলেছেন লিথুনিয়া ও পোল্যান্ডের অখ্যাত দুই ক্লাব এফসি ভিলনিয়াস ও উকাশ উচেতে।২০০৮ সালে আবার ফিরে যান অডাক্স সাও পাওলোতে। সেখান থেকে ব্রাগান্তিনো হয়ে ২০১০ সালে যোগ দেন করিন্থিয়ানসে। সাও পাওলোর ক্লাবটিতেই পাওলিনহোর আজকের পাওলিনহো হয়ে ওঠা। ২০১২ সালে করিন্থিয়ানসের কোপা লিবার্তোদোরেস ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ে তাঁর বড় অবদান। ব্রাজিল জাতীয় দলে অভিষেক ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর চিরশত্রু আর্জেন্টিনার বিপক্ষে। নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে দ্রুতই হয়ে উঠেছেন জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ! কনফেডারেশনস কাপে তো প্রমাণই করলেন ব্রাজিলের জার্সির মর্যাদা ধরে রাখতে তিনি প্রস্তুত। কনফেডারেশনস কাপ জিতে পাওলিনহোর চোখে এখন বিশ্বকাপ জয়ের স্বপ্ন। তার আগে ইউরোপীয় ক্লাব ফুটবলের অভিজ্ঞতা পাওলিনহোকে নিশ্চয়ই আরও পরিণতই করবে।পাওলিনহো আসছেন ইংল্যান্ডে। এদিকে তাঁর স্বদেশি ড্রেভিড লুইজকে ইংল্যান্ড থেকে উড়িয়ে নিতে যুদ্ধে নেমেছে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা। গণমাধ্যমের খবর অন্তত সে রকমই। ২০১১ সালে চেলসিতে যোগ দিয়ে স্টামফোর্ড ব্রিজে নিজের জায়গাটা পাকা করে ফেলেছেন লুইজ। কিন্তু চেলসি তাঁকে ধরে রাখতে পারবে কি না, সেটাই এখন দেখার। শুধু লুইজ নন, বার্সেলোনার নজর আছে ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভার ওপরও। কথাবার্তায় মনে হচ্ছে, পিএসজির ২৮ বছর বয়সী ডিফেন্ডারও বার্সেলোনায় আসতে রাজি। সিলভার এজেন্ট বার্সেলোনাকে প্রস্তাব দেওয়ার জন্য পিএসজিকে রীতিমতো তাড়া দিচ্ছেন। সিলভা নিজেই বলেছেন, গত চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের সময় বার্সেলোনা কোচ টিটো ভিলানোভা তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন, ‘এপ্রিলে পিএসজি-বার্সেলোনার ম্যাচের পর তাঁর সঙ্গে প্রায়ই আমার কথা হয়েছিল। তিনি আমাকে বার্সেলোনায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।’ ওয়েবসাইট।