ইংল্যান্ডে ফিরতে চান মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিটা ২০১৬ সাল পর্যন্ত। গত মৌসুমে রিয়ালকে চ্যাম্পিয়ন করার পর দীর্ঘমেয়াদি এই চুক্তি করেন হোসে মরিনহো। সে অর্থে মনে হতে পারে, আপাতত স্প্যানিশ লিগ ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই ‘স্পেশাল ওয়ানের’।এর অর্থ এই নয়, স্পেনে এই লম্বা সময়টা তিনি থাকবেন। বরং ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে প্রস্তাব পেলে বিবেচনা করবেন মরিনহো। ২০০৭ সালে চেলসি থেকে তাঁর বিদায়টা যতই তিক্ত হোক, ইংল্যান্ডে ফেরার প্রসঙ্গ উঠলেই বাতিল করে দিচ্ছেন না।মরিনহোর প্রতি ক্লাব পর্যাপ্ত সম্মান ও ভালোবাসা দেখালে ইংল্যান্ডে নাকি অবশ্যই ফিরে যাবেন ক্লাব ফুটবলের সফল এই কোচ। ম্যানচেস্টার ইউনাইটেডে স্যার অ্যালেক্স ফার্গুসন, ম্যান সিটিতে রবার্তো মানচিনির উত্তরসূরি হিসেবে অনেকে তাঁর সম্ভাবনাই দেখেন। তাই সাংবাদিকেরাও সুযোগ পেলেই ইংল্যান্ড প্রসঙ্গটা টেনে আনেন সামনে। রোববার ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ ড্র দিয়ে লা লিগা শুরুর পর বিবিসি রেডিওর এক প্রশ্নে রিয়াল কোচ বলেছেন, ‘আমি সেখানেই যাব, যেখানে মানুষ আমাকে সত্যিই চায়।’তবে একই সঙ্গে পাদটীকা জুড়ে দিচ্ছেন, ‘আমি এখন রিয়াল মাদ্রিদে আছি। আমি খুব করেই এটার অংশ হতে চাই। আমি সব সময়ই বলে এসেছি, একদিন আমি ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরে যেতে চাই।’মরিনহো যেখানেই কোচ হয়ে গিয়েছেন, সাফল্য পেয়েছেন। পর্তুগালের পোর্তোকে নিয়ে চ্যাম্পিয়নস লিগ এবং উয়েফা কাপ জিতেছেন। এরপর ইংলিশ প্রিমিয়ার লিগের পরাশক্তি চেলসিতে গিয়ে তাদের লিগ চ্যাম্পিয়ন করেছেন।ইন্টার মিলানকে নিয়ে সিরি ‘আ’, চ্যাম্পিয়নস লিগ—দুটিই জিতেছেন। তারপর শুরু রিয়াল-অধ্যায় এবং এখানে দ্বিতীয় মৌসুমে লিগ জিতেছেন। মরিনহো ইতিহাসে চতুর্থ কোচ, যিনি চারটি বড় ইউরোপিয়ান লিগ জিতেছেন। পোর্তোর পর চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ইন্টারের হয়ে।মরিনহোর এই সাফল্যের রহস্য কী? তাঁর নিজের বিশ্বাস, ‘যখন আমি একটি ক্লাবে যাই, আমি সেই ক্লাবের শার্ট পরি। তখন আমার এটাই উপলব্ধি হয়, এটাই হয়তো আমার প্রথম বা শেষ। আমি মনে করি, সমর্থকেরা আমার নিজেরই একটা অংশ। আমি তাদের সঙ্গে অন্তহীন একটা সম্পর্ক গড়ে তুলি। এটা আমার অন্যতম গুণ বলব। অচিরেই আমি তাদের (ক্লাব) একজন হয়ে যাই এবং চেষ্টা করি তাদের সবাইকে সুখী করতে।’ এএফপি।