এক দিকে উচ্ছ্বাসের জোয়ার, আরেক দিকে মাতম। এক দিকে তৃপ্তির ঢেকুর, আরেক দিকে ব্যর্থতার কাটাছেঁড়া। এক দল ধবলধোলাইয়ের স্বপ্নে বিভোর, আরেক দলে মান বাঁচানোর প্রত্যয়হীন আশা। এক দেশে আবার সূর্যোদয় দেখা, আরেক দেশে অস্তাচলের হাহাকার!
কত দ্রুতই না পাল্টে গেল সব। এই তো মাস চারেক আগেই ইংল্যান্ডে গিয়ে ৩-০-তে সিরিজ হেরে এসেছে অস্ট্রেলিয়া। তার আগে ভারতে গিয়ে ধবলধোলাই হয়েছে ৪ টেস্টই হেরে। এবারও অ্যাশেজ শুরুর আগে পরিষ্কার ফেবারিট ছিল ইংল্যান্ডই। ২০০৬-০৭ অ্যাশেজে ৫-০-তে হারের প্রতিশোধ নেওয়ার মোক্ষম সুযোগ এটাই বলে লেখা হয়েছে ইংলিশ মিডিয়ায়। প্রতিশোধ তো বহুদূর, উল্টো তারা এখন পুনরাবৃত্তির শঙ্কায়।
পরাজয়ের বেদনাকে অ্যালিস্টার কুকের মনে হচ্ছে ‘নরক যন্ত্রণা।’ আর অ্যাশেজ হারকে মনে করছেন ‘ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়।’ অস্ট্রেলিয়ায় গত অ্যাশেজের প্রথম ৩ টেস্ট শেষে কুকের রান ছিল ৪৯৫, এবার ১৫৪। যদিও সেবার ছিলেন শুধু দলের ওপেনার, এবার তাঁর কাঁধে নেতৃত্বের ভারও। যদিও নেতৃত্বভার মনে করছেন না কুক নিজে, ‘আমি মনে করি না অধিনায়কত্ব আমার ব্যাটিংয়ে প্রভাব ফেলছে। খানিকটা চাপ তো থাকবেই, কিন্তু নেতৃত্বের চ্যালেঞ্জটাই হলো সেই চাপের সঙ্গে মানিয়ে নেওয়া। সত্যি বলছি, আমি যখন ব্যাটিংয়ে নামি, তখন শুধু ব্যাটসম্যানই ভাবি নিজেকে। আর কোথায় কী হচ্ছে, সেসব আমার ভাবনায় থাকে না।’
কুক তো বটেই, ইংলিশদের ব্যর্থতার দায় চাপছে দলের অন্য সিনিয়রদের ওপরও। সিরিজে এখনো ২০০ রান করতে পারেননি ইংল্যান্ডের কেউ। ইয়ান বেলের ১৯০ রানই সর্বোচ্চ। বোলিংয়েও অবস্থা তথৈবচ। জেমস অ্যান্ডারসন ও গ্রায়েম সোয়ান পেয়েছেন মোটে ৭টি করে উইকেট, প্রথম জনের বোলিং গড় ৫৮.৪২, পরের জনের ৮০! দলে পরিবর্তনের ডাকও তাই উঠতে শুরু করেছে, দাবি উঠছে তরুণ রক্ত আনার। প্রথম কোপটা পড়তে পারে উইকেটের সামনে-পেছনে সমানভাবে ব্যর্থ ম্যাট প্রায়রের ওপর। কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ইঙ্গিত দিয়েছেন, বক্সিং ডে টেস্টে প্রায়রের জায়গায় জনি বেয়ারস্টো খেলতে পারেন।
তবে প্রশ্ন উঠছে স্বয়ং ফ্লাওয়ারকে নিয়েও। ডেইলি মেইল-এ জিওফ বয়কট লিখেছেন, ‘অ্যান্ডি ফ্লাওয়ার কি ইংল্যান্ড দলের পরামর্শগুলো দেখতে পাচ্ছে, বড়সড় পরিবর্তনের সাহস আছে? ভুলে যাবেন না, টেস্ট দলের বেশি মনোযোগ দেওয়ার জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে। বিশ্বসেরা দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে হলে প্রয়োজন এমন একজন কোচের, যার আছে মানসিক শক্তি ও প্রবল স্পৃহা।’
অধিনায়ক কুক অবশ্য পাশে দাঁড়িয়েছেন কোচের, ‘আমি চাই তিনি দায়িত্বে থাকুন। অসাধারণ একজন কোচ তিনি, অসাধারণ মানুষ। অধিনায়ক হিসেবে পাশে থাকার জন্য দারুণ ব্যক্তি তিনি, বিশেষ করে আমাকে যেভাবে পরামর্শ দেন। আমাদের সিরিজ হারের দায় তাঁর নয়। আমাদের যথেষ্ট ক্রিকেটার ফর্মে ছিল না বলেই আমরা হেরেছি।’
ইংলিশ সংবাদমাধ্যম, সাবেক ক্রিকেটাররাও দ্বিধাবিভক্ত। কেউ এখনই দলে পরিবর্তনের বিরোধী, কেউ চান ভবিষ্যতের দিকে তাকিয়ে সিনিয়রদের বিদায় জানাতে। এটাই অবশ্য বাস্তবতা। দল যখন হারে, সমস্যার পাহাড়ও তখন চোখে পড়ে। অন্যদিকে কিছুদিন আগেও সমস্যার পাহাড়ে চাপ থাকা অস্ট্রেলিয়া এখন ফুরফুরে মেজাজে। মাঠে উদ্যাপনের পর পরশু রাতে দলের সবার জন্য পার্টি দিয়েছিলেন শেন ওয়ার্ন। দলটাকেও এখন মনে হচ্ছে থিতু। সাবেকেরা প্রশংসায় পঞ্চমুখ, সংবাদমাধ্যমে ছিল উচ্ছ্বসিত প্রতিক্রিয়া। এমনকি রক্ষণশীল বলে পরিচিত ফিনান্সিয়াল রিভিউ পর্যন্ত দুটি পাতা বরাদ্দ রেখেছে অ্যাশেজ বীরদের জন্য। সবচেয়ে সময়োচিত শিরোনামটা বুঝি তাদেরই, ‘ফিরে এল সোনালি সময়!’ এএফপি ও ওয়েবসাইট।