ইংল্যান্ডে সম্মানিত রণজি-টেন্ডুলকার
এই সম্মানটা তিনি পেতে পারতেন অনেক বছর আগেই। তবে অনেক দেরিতে হলেও সম্মান জানানো হচ্ছে কুমার শ্রী রণজিৎসিংজিকে, ক্রিকেট ইতিহাসে অমর হয়ে আছেন যিনি রণজি নামে। সাসেক্স ক্রিকেট জাদুঘরের একটি অংশ রণজির নামে উৎসর্গ করবে ইংল্যান্ডের হোভ শহরের ক্রিকেট কর্তৃপক্ষ। একই দিনে ইংল্যান্ডে অন্যভাবে সম্মানিত হলেন আরেক যুগের এক ভারতীয় কিংবদন্তি। লিস্টারের এক শপিং সেন্টারে বানানো হয়েছে শচীন টেন্ডুলকারের একটি ফ্যাব্রিকসের প্রতিকৃতি!১৮৯৬ থেকে ১৯০২ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১৫ টেস্ট খেলেছেন রণজি। অভিষেকে করেছিলেন ৬২ ও অপরাজিত ১৫৪। টেস্ট ব্যাটিং-গড় ৪৪.৯৫। ৩০৭টি প্রথম শ্রেণীর ম্যাচে গড় ৫৬.৩৭। ১৮৯৫ সালে সাসেক্সের হয়ে অভিষেক ম্যাচে করেছিলেন ৭৭ ও ১৫০। তবে এসব পরিসংখ্যানে একজন রণজিকে বোঝানো মুশকিল। এক কথায় বললে, ভারতীয় ক্রিকেটের তিনি প্রবাদপুরুষ। রণজির নামে উৎসর্গ করা অংশে থাকবে তাঁর নানা স্মারক। সঙ্গে থাকবে সাসেক্সের মাঠে খেলে যাওয়া ভারতীয় ক্রিকেটারদের নানা স্মারকও।ফ্যাব্রিকসের টেন্ডুলকার বানানো হয়েছে হাইক্রস লিস্টার শপিং সেন্টারে। ১০০ গজ ফ্যাব্রিকস ও শাড়ি দিয়ে শপিং সেন্টারের মোজাইক মেঝেতে সাড়ে নয় ঘণ্টা ধরে ৯ মিটার–৬ মিটার প্রতিকৃতিটি বানিয়েছেন স্থানীয় প্রখ্যাত শিল্পী লরা হ্যাডল্যান্ড। লিস্টারের শপিং সেন্টারে কেন টেন্ডুলকারের প্রতিমূর্তি, ব্যাখ্যা দিয়েছেন বিপণন ব্যবস্থাপক গুরবিন্দর রুপরা, ‘লিস্টারের ক্রিকেট উন্মাদনা তুলে ধরতে টেন্ডুলকারকে অমর করে রাখার চেয়ে উপযুক্ত কিছু আর হতে পারে না।’ ওয়েবসাইট।