ইংল্যান্ডে সিটি, ইতালিতে জুভেন্টাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্সেনাল জিতেছে, জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে পয়েন্ট তালিকার ওপরের দিকটা অপরিবর্তিতই রয়েছে ইংলিশ লিগের। ১০ জনের দলে পরিণত হয়েও উলভসকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষে সেই ম্যানচেস্টার সিটিই। দ্বিতীয় স্থানে থাকা ম্যানইউর সঙ্গে পয়েন্ট ব্যবধানও সেই পাঁচই থাকল। ১০ ম্যাচে ২৮ পয়েন্ট সিটির, সমান ম্যাচে ম্যানইউর পয়েন্ট ২৩।সময়টা অসাধারণ কাটছে সিটির। গত সপ্তাহে নগর প্রতিপক্ষ ম্যানইউকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। সেই ম্যাচের নায়ক মারিও বালোতেল্লি পরশু খেলেননি। তবে এডিন জেকো ছিলেন। প্রথমার্ধে গোলশূন্য থাকা সিটিকে প্রথম এগিয়ে দেন তিনিই।৫২ মিনিটে করা গোলটিতে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন জেকো। ৯ গোল করে জেকোর সঙ্গে দ্বিতীয় স্থানে আছেন তাঁরই সিটি-সতীর্থ সার্জিও আগুয়েরোও। ১০ গোল করে শীর্ষে আর্সেনাল অধিনায়ক রবিন ফন পার্সি।সিটি যখন সহজ জয়ের ভেলায় ভেসে বেড়াচ্ছে, ম্যানইউকে তখন জিততে হয়েছে খুবই কষ্ট করে। তবে ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসন জয়টাকেই দেখছেন বড় করে, ‘প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারাটা দারুণ। আর এভারটন মোটেই সহজ প্রতিপক্ষ নয়।’নিজেদের মাঠে চেলসি পরশু আর্সেনালের কাছে শেষ পর্যন্ত হলো বিধ্বস্ত। দুবার পিছিয়ে পড়েও স্টামফোর্ড ব্রিজ থেকে জয় তুলে নিয়ে গেছে ‘গানার’রা। চেলসি কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস আর কী বলবেন? শুধু ভুল শোধরানোর প্রতিশ্রুতি দিয়েছেন, ‘আমরা ভুল করেছি, আর সেই ভুলগুলোর মূল্য দিতে হয়েছে। ব্ল্যাকবার্নের বিপক্ষে ম্যাচে চেষ্টা করব যাতে এই ভুলগুলো না হয়।’পরশুর রাতটা ভালো গেছে লিভারপুলেরও। চার্লি অ্যাডাম ও অ্যান্ডি ক্যারলের প্রথমার্ধের গোলে ওয়েস্টব্রমকে ২-০ গোলে হারিয়ে ষষ্ঠ স্থানে ‘অল রেডরা’।সিরি ‘আ’তে দুই মিলানের দুই রকম যাত্রাই চলছে। জুভেন্টাসের কাছে ২-১ গোলে হেরে গেছে ইন্টার মিলান। আর ইব্রাহিমোভিচের জোড়া গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এসি মিলান রোমাকে হারিয়েছে ৩-২ গোলে। এএফপি।