ইংল্যান্ডেই ওয়ানডেতে শেষ দ্রাবিড়ের
শেষ ওয়ানডেটা তিনি খেলেছেন ২০০৯ সালের দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস ট্রফিতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রায় দুই বছর পর ভারতের সীমিত ওভারের ক্রিকেটে আবারও ডাক পেলেন রাহুল দ্রাবিড়।ইংলিশ কন্ডিশনে চলমান টেস্ট সিরিজে সুইং বোলিংয়ের বিপক্ষে ভারতের বিশ্বখ্যাত ব্যাটিং লাইনআপ সংগ্রাম করছে। কিন্তু এর মধ্যেই দুটো সেঞ্চুরি করেছেন দ্রাবিড়। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের ভারতীয় দলে ফেরাটা তাঁর এই কৃতিত্বেরই পুরস্কার।এই অপ্রত্যাশিত ডাক পেয়ে বিস্মিত দ্রাবিড়ও এক ঘোষণায় উপহার দিয়েছেন বিস্ময়। দুই বছর পর সীমিত ওভারের দলে ডাক পেয়েই জানিয়ে দিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজই তাঁর শেষ। এই সিরিজের পরই ওয়ানডে আর টি-টোয়েন্টিকে ‘বিদায়’ বলে দেবেন তিনি।এদিকে শেষ দুই টেস্টের মতো টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের দল থেকেও বাদ পড়েছেন যুবরাজ সিং ও হরভজন সিং। ট্রেন্টব্রিজ টেস্টে ইনজুরিতে পড়েছেন দুজনই। এ ছাড়া দলে নেই শ্রীশান্তও। তার পরও অবশ্য ১৬ জনের দলে রয়েছেন পাঁচ পেসার—জহির খান, প্রাভিন কুমার, ইশান্ত শর্মা, মুনাফ প্যাটেল ও বিনয় কুমার।এত দিন পর ওয়ানডে দলে ডাক পেয়ে নিজেও নিশ্চয়ই বিস্মিত ‘দ্য ওয়াল’। যদিও ওয়ানডে পরিসংখ্যানও তাঁর খারাপ নয়—৩৩৯ ম্যাচে ৩৯.৪৩ গড়ে করেছেন ১০,৭৬৫ রান। ৮২টি ফিফটির সঙ্গে সেঞ্চুরিও এক ডজন। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে বাজে পারফরম্যান্সের পর ওয়ানডে দল থেকে বাদ পড়েন দ্রাবিড়। দুই বছর পর ডাক পেলেও মাত্র ছয় ম্যাচ খেলেই আবার বাদ পড়তে হয়েছিল তাঁকে।৩১ আগস্ট একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটির পর ভারত-ইংল্যান্ড পাঁচ ওয়ানডের সিরিজ খেলবে আগামী ৩ সেপ্টেম্বর থেকে। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দল: শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, বিরাট কোহলি, সুরেশ রায়না, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রাহুল দ্রাবিড়, পার্থিব প্যাটেল, অমিত মিশ্র, রবিচন্দ্রন অশ্বিন, জহির খান, প্রাভিন কুমার, ইশান্ত শর্মা, বিনয় কুমার ও মুনাফ প্যাটেল। ওয়েবসাইট।