ইংল্যান্ডেই থাকছেন অ্যান্ডি ফ্লাওয়ার
বিশ্বকাপের পর ইংল্যান্ডের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করবেন না বলেই জানিয়েছিলেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। কিন্তু শেষ পর্যন্ত ইংলিশ ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের অনুরোধে ইংল্যান্ডেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক এই জিম্বাবুইয়ান ক্রিকেটার। আজ মঙ্গলবার এক বিবৃতিতে ইংলিশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘ফ্লাওয়ারের সঙ্গেই আমাদের চুক্তিটা বহাল থাকবে। এখন তিনি শ্রীলঙ্কা, ভারত ও আয়ারল্যান্ড সফরের জন্য দলকে প্রস্তুত করবেন।’অনেক দিন পর অ্যান্ডি ফ্লাওয়ারের অধীনেই বেশ কিছু সাফল্যের মুখ দেখেছিল ইংল্যান্ড। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুবার অ্যাশেজ জয়ের গৌরব ছাড়াও গত বছর প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে বিশ্বক্রিকেটে ইংল্যান্ডের প্রথম শিরোপাটাও এসেছে ফ্লাওয়ারের হাত ধরে। এবারও ফ্লাওয়ারের তত্ত্বাবধানে ইংল্যান্ডের সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন ইংলিশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক হিউজ মরিস। তিনি বলেছেন, ‘অ্যান্ডি ফ্লাওয়ার ইংল্যান্ড দলের অগ্রগতিতে একটা বিশাল অবদান রেখেছেন এবং আমি খুবই আনন্দিত যে, তিনি কোচ হিসেবে থেকে যাচ্ছেন। আমি নিশ্চিত, তাঁর অধীনে ইংল্যান্ড ক্রিকেট দল আরও অনেক উন্নতি করবে। অ্যান্ডির নেতৃত্ব দেওয়ার অসাধারণ ক্ষমতা, দায়িত্ববোধ ও তাঁর খোলামেলা, পদক্ষেপগুলো এই সাফল্যের মূল ভিত্তি। ইংলিশ ক্রিকেটাররা এটা গত দুই বছর খুবই উপভোগ করেছে। ভবিষ্যতেও যে তারা এটা উপভোগ করবে, এটা জোর দিয়েই বলা যায়।’ ওয়েবসাইট।