ইংল্যান্ডের অধিনায়ক হচ্ছেন রুনি!
ম্যানচেস্টার ইউনাইটেডে অনিশ্চিত ওয়েইন রুনির ভবিষ্যৎ। আগামী মৌসুমে ওল্ড ট্রাফোর্ডে রুনি থাকবেন কি থাকবেন না, তা নিয়ে হয়তো বাজিও ধরা হচ্ছে। ক্লাব ভবিষ্যৎ ধোঁয়াশার মধ্যে পড়লেও জাতীয় দলে কিন্তু রুনির বিকল্প ভাবতে পারছেন না ইংল্যান্ড কোচ রয় হজসন। রুনিমুগ্ধ হজসন ইউনাইটেড স্ট্রাইকারকে রেখেছেন তাঁর পরিকল্পনার কেন্দ্রীয় চরিত্র হিসেবেই। ব্রাজিলের বিপক্ষে ২ জুনের প্রীতি ম্যাচে ইংল্যান্ড অধিনায়কের বাহুবন্ধনী হাতে তোলাটা তাঁর নিশ্চিত, এমনকি তার আগে আয়ারল্যান্ড ম্যাচেও অধিনায়ক হতে পারেন রুনি।
ব্রাজিলের বিপক্ষে ইংল্যান্ড খেলবে বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে। আয়ারল্যান্ডের ম্যাচটি হবে এর চার দিন আগে ২৯ মে। কাঁধের অস্ত্রোপচার স্টিভেন জেরার্ডকে মাঠের বাইরে ছিটকে ফেলাতেই নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে ইংল্যান্ডকে। এর আগে হজসনের আমলে স্যান মেরিনোর বিপক্ষে একটি ম্যাচে অধিনায়ক ছিলেন রুনি। সেই ম্যাচের উদাহরণ টেনেই হজসন জানিয়েছেন রুনির সম্ভাবনার কথা, ‘আমি জানি সে ওই অভিজ্ঞতাটা উপভোগ করেছে এবং আমি প্রায় নিশ্চিত সে আবার ইংল্যান্ডের অধিনায়ক হবে।’
অবশ্য শুধু রুনিই নয়, হজসনের পরিকল্পনায় আছেন অ্যাশলি কোলও। মাত্রই ইংল্যান্ডের হয়ে ম্যাচ খেলার সেঞ্চুরি করা কোলকে অধিনায়ক করা হতে পারে আয়ারল্যান্ড ম্যাচে। এএফপি ও ওয়েবসাইট।