ইংল্যান্ডের অপেক্ষায় মন্থর উইকেট
এই একটা দলই বাকি। সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জয়ের স্বাদ বাংলাদেশের কমবেশি পাওয়া হয়ে গেছে, বাকি কেবল ইংল্যান্ড। ২০০৯ সালে নিজেদের ইতিহাসের সেরা বছর কাটানোর পর ২০১০ সালে এখনো পর্যন্ত সাফল্য নেই। মিরপুরের দিবা-রাত্রির ম্যাচ দিয়ে আগামীকালই শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইংল্যান্ডকে হারিয়েই যদি এ বছরের সাফল্যের খাতাটা খোলা যায়, ব্যাপারটা খারাপ হয় না। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে জয়, আসলেই কি সম্ভব?‘সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ইংল্যান্ডকে আমরা হারাতেই পারি’—বহুবার বলা কথাটাই আরও একবার বললেন সাকিব আল হাসান। একই সুর জেমি সিডন্সের কণ্ঠেও, তবে নিজের বিশ্বাসের স্বপক্ষে যুক্তিও দেখিয়েছেন, ‘ওয়ানডে র্যাঙ্কিংয়ের তিন নম্বর বোলার, সেরা অলরাউন্ডার আমাদের দলে, তামিম, মাহমুদউল্লাহরা ফর্মে আছে, দুজন বোলার আছে নিয়মিত ১৩৫-১৪০ কিমি গতিতে বোলিং করতে পারে। ইংল্যান্ডকে হারানো খুবই সম্ভব।’ তবে শেষে একটি পাদটীকা যোগ করেছেন বাংলাদেশ কোচ, ‘ইংল্যান্ডকে হারাতে কন্ডিশনের সহায়তাও প্রয়োজন।’ সেই কন্ডিশনের সহায়তা পাওয়ারই আয়োজন চলছে। ত্রিদেশীয় সিরিজের মতো বল দ্রুত ব্যাটে আসবে না, উইকেট হবে ধীরগতির, বল পড়ে একটু দেরিতে আসবে। সাকিবের স্বীকারোক্তি, ‘নিজেরাই চেয়েছি এমন উইকেট।’খোলা চোখে দেখলে, কন্ডিশনের সাহায্য পেয়েই হোক আর না পেয়ে, ইংল্যান্ডকে হারানোর সুযোগ তো এটাই। দলে নতুন মুখের ছড়াছড়ি, নতুন অধিনায়ক, ওয়ানডে দলে যাঁর জায়গা নিয়েই প্রশ্ন আছে, পল কলিংউড আর এউইন মরগান ছাড়া বাংলাদেশে খেলার অভিজ্ঞতা নেই আর কারও। সিডন্স তো বলেই দিলেন স্ট্রাউস-অ্যান্ডারসনদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তের জন্য সিরিজ শেষে পস্তাতে হতে পারে ইংলিশদের। কিন্তু এই দুর্বলতাগুলোকেই আবার সবচেয়ে বড় শক্তি মানছেন সাকিব, ‘দলে যারা সুযোগ পেয়েছে, সবাই চাইবে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে, তাই হয়তো মনোযোগটা আরও বেশিই থাকবে ওদের।’ নেতৃত্বের দক্ষতা প্রমাণে পাশাপাশি জায়গাটাও পাকা করতে চাইবেন কুক, উইকেটকিপার-ব্যাটসম্যানের জায়গাটা নিয়ে প্রিয়র-কিসওয়েটারের লড়াইয়ে ভুগতে হতে পারে বাংলাদেশকেই, সাকিবের যুক্তিটাকেও তাই মানতেই হবে। ধীরগতির উইকেটের খবরটা ইংল্যান্ড পেয়েছে কি না জানা নেই, তবে বাংলাদেশের স্পিনারদের সামনে এবার যে কঠিন পরীক্ষায় পড়তে হবে, সেটা মানছেন দলের সেরা পেসার ব্রডও। স্পিনারদের খেলার প্রস্তুতিও আছে তাঁদের, ‘বাংলাদেশের ভালো কিছু স্পিনার আছে, ওদের ওপর আধিপত্য রেখে খেলতে হবে, না হলে ওরা চেপে বসবে। বাংলাদেশে জিততে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’ ব্রডের সঙ্গে যার নতুন বল হাতে নেওয়ার সম্ভাবনা আছে সেই রায়ান সাইডবটম আবার ফিরে গেছেন খানিকটা অতীতে, ‘আমাদের দেশেই ওরা অস্ট্রেলিয়াকে হারিয়েছে, সেটা মাথায় রাখতে হবে। তা ছাড়া দেশের মাটিতে বাংলাদেশ দারুণ শক্তিশালী। আর চাপটা বেশি তো আমাদের ওপরই, বাংলাদেশে এসে একটা ম্যাচ হারি, এটা নিশ্চয়ই কেউ চাইবে না। আমাদের তাই সতর্ক থাকতে হবে।’অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা-ভারতের মতো দলকে হারানো গেছে, আর অজেয় থেকে গেছে ইংল্যান্ড। এর কারণটা পরিষ্কার হয়ে যায় পরিসংখ্যানের দিকে তাকালেই। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে কম ৮টি ম্যাচ খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে, সর্বশেষটি আবার প্রায় তিন বছর আগে। সিডন্সের তো কোনো সন্দেহই নেই, এত কম ম্যাচ খেলার কারণেই যে ইংল্যান্ডকে হারাতে পারেনি বাংলাদেশ, ‘এত বছর ধরে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ মনে হয় ৮টির মতো ম্যাচ খেলেছে। ভারত-শ্রীলঙ্কা, এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষেও এর চেয়ে বেশি ম্যাচ হয়েছে, তাই ওদের বিপক্ষে জয়ও আছে। আমার এই দলের গড় বয়স এখন হয়তো ২৩, যখন ২৬ হবে, ইংল্যান্ড আসলে ওদের আমরা বলে-কয়েই হারাব।’বছর তিনেক পরে না হয় বলে-কয়েই হারানো যাবে। আপাতত এই সিরিজে প্রত্যাশা, অন্তত একটা জয়!