ইংল্যান্ডের অস্ত্রের অভাব নেই: সৌরভ
ইংল্যান্ড অতীতে যতবার ভারত সফরে এসেছে, প্রতিবারই তাদের স্পিনের কাছে নাকাল হতে হয়েছে। এই তো কিছুদিন আগেই আমিরাতে পাকিস্তানি স্পিনারদের হাতে নাকাল হয়ে রিক্ত হস্তে ফিরতে হয়েছিল তাদের। ইংল্যান্ডের আসন্ন ভারত সফরেও তাই রবিচন্দ্রন অশ্বিন ও প্রজ্ঞান ওঝাকে নিয়ে প্রত্যাশার জাল বুনছে ভারতীয়রা। তবে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মতে, ভারতের মাটিতে লড়াই করার মতো অস্ত্র ইংল্যান্ডেরও রয়েছে। তবে ভারতের মাটিতে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করেই সফল হতে হবে তাদের।সৌরভ বলেন, ‘অবশ্যই ইংল্যান্ড ভারতের মাটিতে চ্যালেঞ্জের মুখোমুখি হবে। ভারতও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয় ইংল্যান্ডের মাটিতে নামলে।’আমিরাতে পাকিস্তানের দুই স্পিনার সাঈদ আজমল ও আবদুর রেহমান যেমন ইংলিশ ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছিলেন, ভারতের মাটিতেও ইংল্যান্ড একই সমস্যার মুখোমুখি হবে—এমনটা যাঁরা ভাবছেন, তাঁদের সঙ্গে একেবারেই একমত নন সৌরভ। তিনি বলেন, ‘ভারতের মাটিতে ইংল্যান্ডের ব্যাটিংটা ভালো হতে হবে। তবে এটা ভুলে গেলে চলবে না, তাদের গ্রায়েম সোয়ান ও মন্টি পানেসারের মতো দুজন উঁচু মানের স্পিনার আছে।’সৌরভের মতে, ইংল্যান্ডর সোয়ান ও পানেসারের মতো দুই অস্ত্র রয়েছে। এ ধরনের উঁচুমানের স্পিনার কিন্তু অন্যান্য অনেক দলেরই থাকে না। তবে ভারতের মাটিতে তাদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। স্পিনের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানরা ভালো খেলেন, এমন একটা ধারণা থেকে অনেক দলই পেস বোলিংয়ের ওপর জোর দেয়। বেশি বেশি পেসার নিয়ে এসে ভারতের মাটিতে সফল হওয়ার চেষ্টা করে, কিন্তু সৌরভের মতে ওটা যে কতটা ভুল পরিকল্পনা, সেটা ২০০৭ মৌসুমে অস্ট্রেলিয়া খুব ভালোমতোই বুঝতে পেরেছিল। সেবার অস্ট্রেলিয়া ভারতের মাটি থেকে ২-০ ব্যবধানে সিরিজ হেরে দেশে ফিরেছিল।সেদিক দিয়ে ভারতের মাটিতে পা রাখা ইংলিশ দলটিকে অনেকটাই ব্যালান্সড মনে করেন সৌরভ। তিনি বলেন, ভারতীয় উইকেটে টার্নের পাশাপাশি বাউন্সও প্রত্যাশা করা হচ্ছে, সুতরাং সোয়ান, পানেসার, সামিত প্যাটেল প্রমুখদের সমন্বয়ে গড়া ইংলিশ দলটি যথেষ্ট ভালো বলেই মনে হচ্ছে।সৌরভ গাঙ্গুলি ইংল্যান্ডের এবারের ভারত সফরকে ‘দীর্ঘ সফর’ আখ্যা দিয়ে বলেন, একটি চারদিনের ওয়ার্মআপ ম্যাচের পর ইংল্যান্ডকে ভারতে চারটি টেস্ট খেলতে হবে। সুতরাং সফরটিকে যথেষ্ট দীর্ঘ বলেই মনে হচ্ছে। এই সফরে ইংলিশদের ব্যাটিংটা যত ভালো হবে, ফলাফল তাদের অনুকূলে যাওয়ার সম্ভাবনাও ততটাই বেড়ে যাবে।শচীন টেন্ডুলকারকে নিয়ে অতি আলোচনা-সমালোচনায় খুবই বিরক্ত সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, ‘শচীন টেন্ডুলকারের ফর্ম নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। কিন্তু আমার মতে, ফর্ম নিয়ে তাঁকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কিছু নেই। তাঁর মতো একজন গ্রেট ক্রিকেটারের এ ধরনের কথাবার্তা প্রাপ্য নয়।’ সৌরভ বলেন, ‘এটা ঠিক যে ১০ বছর আগের শচীন আর এখনকার শচীনের মধ্যে অনেক পার্থক্য। কিন্তু সে যে মানের ক্রিকেটার, ভারতীয় ক্রিকেটে তার যে ধরনের অবদান, তাতে নিজের সম্পর্কে সিদ্ধান্তটা নিজে নেওয়ার অধিকার সে রাখে।’শচীন টেন্ডুলকার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে নিজেকে আবার প্রমাণ করবেন বলেই বিশ্বাস সৌরভের। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সে প্রায় চার মাস বিরতির পর মাঠে নেমে ভালোই খেলেছিল। এবার কিন্তু শচীন ভালো একটা প্রস্তুতির পরই মাঠে নামছে। সে রনজি ট্রফি খেলেছে; ভালো করে নিজেকে প্রমাণ করে দেওয়ার একটা ক্ষুধা তো আছেই। সুতরাং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে শচীন বিপজ্জনক হয়ে উঠবে বলেই আমার ধারণা। ওয়েবসাইট।’