ইংল্যান্ডের অ্যাশেজ দলে অবাক নয় অস্ট্রেলিয়া
দলের ক্রিকেটারদের দিকে তাকালেই বোঝা যায়, এবারের অ্যাশেজে ইংল্যান্ডের প্রত্যাশার পারদ অনেক ওপরে। গতকাল বৃহস্পতিবার লম্বা পেস আক্রমণের ১৬ সদস্যের দল ঘোষণা করেছেন ইংল্যান্ডের নির্বাচকেরা। তবে এই দল দেখে অস্ট্রেলিয়া অবাক নয় বলে জানিয়ে দিয়েছেন কোচ টিম নিলসন।অস্ট্রেলিয়ার বাউন্সি পিচের কথা মাথায় রেখে ছয় ফুট সাত ইঞ্চি উচ্চতার ক্রিস ট্রেমলেটকে দলে রেখেছে ইংল্যান্ড। ২০০৯ সালের অ্যাশেজের পর কোনো টেস্ট ম্যাচ না খেলা মন্টি পানেসারকেও রাখা হয়েছে। ইংল্যান্ডের ঘোষিত দল জানার পর অস্ট্রেলিয়ার কোচ টিম নিলসনের প্রতিক্রিয়া, ‘আজ সকালে ইংল্যান্ডের অ্যাশেজ দল দেখে মনে হয়েছে, ক্রিকেটারদের উচ্চতাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। বিশেষ করে পানেসার ও ট্রিমলেটের দলে থাকা বেশ মজার। কিন্তু আমরা মোটেও অবাক হইনি।’সামনে ভারতের বিপক্ষে সিরিজ। অ্যাশেজের লড়াইয়ে এটি অসিদের বাড়তি সহায়তা করবে। তবে এখন কেবল ভারতের বিপক্ষে সিরিজ নিয়েই ভাবতে চান নিলসন, ‘আমরা সব সময়ই ভালো। আমাদের সামনে যা আছে, তা নিয়েই ভাবতে চাই। ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছি আমরা, এখন কেবল এটি নিয়েই ভাবছি। দেশে ফেরার পর অ্যাশেজ নিয়ে ভাবব।’—ক্রিকইনফো