ইংল্যান্ডের অ্যাশেজ সাফল্যের নেপথ্যে পিটারসেনের ব্যর্থতা!
এবারের অ্যাশেজ সিরিজ শুরুর আগে বেশ কিছুদিন ধরেই সমালোচনায় জর্জরিত হচ্ছিলেন কেভিন পিটারসেন। নিজের রানখরা আর দলের খারাপ পারফরমেন্সের জন্য ২০০৯ সালে হারিয়েছিলেন অধিনায়কত্বও। কিন্তু এবার সমালোচকদের জবাব বেশ ভালোমতোই দিয়েছেন এই ইংলিশ ব্যাটসম্যান। এখন পর্যন্ত ৫ ইনিংস মিলে করেছেন ৩২৪ রান। দ্বিতীয় টেস্টে খেলেছেন ক্যারিয়ারসেরা ২২৭ রানের অনবদ্য ইনিংস। তবে ইংল্যান্ডের এই অ্যাশেজ সাফল্যের পেছনে তাঁর ওই খারাপ পারফরমেন্স আর অধিনায়কত্ব হারানোটারও একটা বড় ভূমিকা আছে বলে মনে করেন পিটারসেন। কারণ, তিনি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরই অ্যান্ডি স্ট্রাউসের হাতে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। আর ইংল্যান্ডের এই ঐতিহাসিক সাফল্যের পেছনে যে স্ট্রাউসের নেতৃত্বের একটা বিশাল ভূমিকা আছে, সেটা অকপটেই স্বীকার করেছেন পিটারসেন।মেলবোর্নে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৫৭ রানের বিশাল ব্যবধানে হারানোর পর পিটারসেন বলেছেন, ‘অধিনায়কত্ব হারানোর পর আমি এটা আগে কখনো বলিনি। আমরা আজকে যে সাফল্যটা পেয়েছি, সেটা দুই বছর আগের দলটার দ্বারা সম্ভব হতো না। আমি ইংলিশ ক্রিকেটের উন্নতির জন্যই অধিনায়কত্বটা ছেড়ে দিয়েছিলাম। স্ট্রাউস আর অ্যান্ডি ফ্লাওয়ারের নেতৃত্বে গত ১৮ মাসে আমাদের অকল্পনীয় উন্নতি হয়েছে। স্ট্রাউসই ইংল্যান্ডের সবচেয়ে যোগ্য অধিনায়ক। সে সব সময় নিজের কথা ভাবার আগে অন্যদের কথা ভাবে।’ বিবিসি অনলাইন।