ইংল্যান্ডের আরেকটি বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফিল্ডিং নিয়ে আর কীই-বা করতে পারি? আরও বেশি পরিশ্রম ছাড়া আর কি কোনো উপায় আছে?’—খুব অসহায় আর কাতর শোনাল সালমান বাটের কণ্ঠ। যেন ফিল্ডিং ভালো করার কোনো উপায় কেউ বাতলে দিলে যেকোনো কিছুর বিনিময়ে তা লুফে নেবেন পাকিস্তান অধিনায়ক। ব্যাটসম্যানরা যাচ্ছেতাই করছে, সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না। কিন্তু পাকিস্তানের ফিল্ডাররা যে ‘সার্কাস’ দেখাচ্ছেন, অধিনায়কের তাতে লজ্জায় মাথাকাটা যাওয়ার কথা। আর বাটই বা কাকে দোষ দেবেন, তিনি নিজেও এমন ক্যাচ ছেড়েছেন যেটা ইচ্ছে করেও ছাড়া কঠিন।ক্যাচ ছাড়ার ধারা কালও বজায় রাখল পাকিস্তান। শেষ দিকের বীরত্বে পাওয়া ১১৭ রানের লিডটা তাই কঠিন উইকেটেও মামুলি হয়ে গেল ইংল্যান্ডের সামনে। তিনবার জীবন পেয়ে অপরাজিত ফিফটি করলেন অ্যান্ড্রু স্ট্রাউস, এই টেস্টেই ব্যাটিং-গড় পঞ্চাশের ওপরে নিয়ে যাওয়া জোনাথন ট্রট অপরাজিত ফিফটি করে গড় নিয়ে গেলেন ৫১-র ওপর। ৯ উইকেটের সহজ জয়ে ২-০-তে এগিয়ে গেল ইংল্যান্ড। চার ম্যাচ সিরিজে এখন অন্তত হারের শঙ্কা নেই ইংল্যান্ডের। ওভালে তৃতীয় টেস্ট শুরু ১৮ আগস্ট। এর আগে উস্টারশায়ারের সঙ্গে দুই দিনের ম্যাচ খেলবে পাকিস্তান।অষ্টম উইকেটে প্রতিরোধ গড়ে তোলা দুই ব্যাটসম্যান জুলকারনাইন হায়দার ও সাঈদ আজমলকে আগের দিন বিকেলেই ফিরিয়ে দেওয়ায় কাল ইংল্যান্ডের কাজটা ছিল অনেক সহজ। পাকিস্তানের শেষ উইকেটটি তুলতে কাল মাত্র ১১ বল লেগেছে ইংল্যান্ডের। আগের দিন জুলকারনাইনের গায়ে বল ছুড়ে জরিমানা দেওয়া স্টুয়ার্ট ব্রড তুলে নেন আসিফকে, গালিতে ক্যাচ নেন পিটারসেন।১১৮ রানের লক্ষ্য এমনিতেই মামুলি, কিন্তু পাকিস্তানের বোলিং আক্রমণ আর চতুর্থ ইনিংসের চাপ মিলে ম্যাচে আকর্ষণ একটু তৈরি করেছিল বৈকি। তৃতীয় ওভারেই অ্যালিস্টার কুকের স্টাম্প উপড়ে আরও উত্তেজনা ছড়ান আমির। কিন্তু অসম বাউন্সের উইকেটে দারুণ দৃঢ়তায় খেলে দলকে লক্ষ্যে পৌঁছে দেয় স্ট্রাউস-ট্রট জুটি। এমনিতেই চোটের কারণে বোলিং করতে পারেননি উমর গুল, এর ওপর আবার ক্যাচ মিস যোগ হয়ে পাকিস্তানের সব সম্ভাবনা শেষ হয়ে যায়। জুলকারনাইন একাই স্ট্রাউসের ক্যাচ ছেড়েছেন দুটি। কামরান আকমলের জায়গায় সুযোগ পেয়ে তরুণ উইকেটকিপার দারুণ কিছু বল যেমন ধরেছেন, তেমনই ক্যাচও ছেড়েছেন উদার হস্তে।প্রথম ইনিংসে বল হাতে না পেয়েও দ্বিতীয় ইনিংসের ৬ উইকেটে ম্যাচ-সেরা অফ স্পিনার গ্রায়েম সোয়ান। জানালেন, বোলিং করতে না পেরে হাত নিশপিশ করছিল তাঁর, তবে স্লিপে দাঁড়িয়ে সতীর্থ পেসারদের কীর্তি দেখতে খারাপ লাগেনি। সালমান বাট নিজের ব্যাটসম্যানদের ব্যর্থতার চেয়ে বড় করে দেখছেন ইংলিশ বোলারদের সাফল্যকে। তবে পাকিস্তান অধিনায়ক যা-ই বলুন, ব্যাটিং-ফিল্ডিংয়ে নাটকীয় উন্নতি না হলে পাকিস্তানের হোয়াইটওয়াশ এড়ানোই কঠিন হয়ে পড়বে। তৃতীয় টেস্টে মোহাম্মদ ইউসুফ ফিরবেন, তবে তিনি একা কি পারবেন পুরো দলের চেহারা পাল্টে দিতে? ওয়েবসাইট।