অনেক দিন পর এবারই ইংল্যান্ডকে নিয়ে কোনো হাঁকডাক নেই, নেই ইংলিশ মিডিয়ার উত্তুঙ্গ চাপ। ইংল্যান্ড শিরোপা নিয়ে দেশে ফিরবে, টুর্নামেন্টের আগে তাদের পাঁড় সমর্থকেরাও এমন আশা হয়তো করেনি। তবে সুইডেনকে ৩-২ গোলে হারিয়ে নকআউট পর্বে এক পা দিয়ে ফেলায় পাশার দান উল্টে গেছে।রয় হজসনের দারুণ দুটি ট্যাকটিকাল সিদ্ধান্তেই আসলে পরশু কপাল পুড়েছে সুইডিশদের। সুইডেনের হজম করা শেষ সাতটি গোলের ছয়টিই এসেছে হেড থেকে, বাতাসে তাদের দুর্বলতা তিনি ধরে ফেলেছিলেন। এদিন তাই মাঠে নামালেন দীর্ঘদেহী লিভারপুল স্ট্রাইকার অ্যান্ডি ক্যারলকে, আর দুর্দান্ত এক হেডে গোল করে কোচের আস্থার কী চমৎকার প্রতিদানই না দিলেন! হজসন পরের জাদুটা দেখালেন থিও ওয়ালকটকে নামিয়ে। ওয়ালকট যখন নামেন, তখন ইংল্যান্ডকে চোখ রাঙাচ্ছিল হার। কিন্তু নিজে একটি গোল করে ও আরেকটি গোল করিয়ে যেন জানান দিলেন, আর বেঞ্চে বসে থাকতে চান না। ম্যাচের শুরুর দিকে ইংল্যান্ডেরই প্রাধান্য ছিল, ৭ মিনিটে পার্কারের জোরালো শট সুইডিশ গোলরক্ষক অবিশ্বাস্যভাবে ফিরিয়ে না দিলে তখনই এগিয়ে যেত থ্রি লায়নরা। প্রথম গোলের জন্য অবশ্য বেশি অপেক্ষা করতে হয়নি, ২৩ মিনিটেই অধিনায়ক স্টিভেন জেরার্ডের ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন ক্যারল। বিরতির পর ছন্নছাড়া সুইডেন হঠাৎই ওঠে গা ঝাড়া দিয়ে, গোলের জন্য সাঁড়াশি আক্রমণ চালাতে থাকে। শিগগিরই সুফল পায় তারা, ৪৯ মিনিটে মেলবার্গের শট জনসনের গায়ে লেগে ঢুকে যায় জালে। খানিক পর আবারও মেলবার্গের হেডে এগিয়েই যায় সুইডেন। ইংল্যান্ডের চোখে তখন টুর্নামেন্টটা দুলছে। এরপর নিষপ্রভ মিলনারের জায়গায় ওয়ালকট মাঠে নেমেই খেলাটার মোড় ঘুরিয়ে দেন। ৬৪ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে দলকে সমতায় ফেরান ওয়ালকট। শেষেও ওয়ালকট, বক্সের ডান প্রান্ত ধরে চিতার ক্ষিপ্রতায় দৌড়ে যে ক্রস করেন, সেটাই ব্যাকফ্লিকে ওয়েলবেক কাঙ্ক্ষিত ঠিকানায় পাঠিয়ে বিদায় করে দেন সুইডেনকে। ইংলিশ কোচ হজসন যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন, ‘এই পর্যায়ে এটা অবশ্যই কঠিন, আমাদের প্রতিপক্ষ সবাই বেশ ভালো। আমাদের আক্রমণভাগ অবশ্য বেশ বিপজ্জনক ছিল, তারা দারুণ দেখিয়েছে।’ ‘সুপার সাব’ ওয়ালকটকে তো আলাদা করেই প্রশংসায় ভাসিয়েছেন, ‘অবশ্যই আমি ওর (ওয়ালকট) ওপর ভরসা করেছিলাম, আমি জানি সে একজন ভালো খেলোয়াড়। আজ রাতে (পরশু) ওর পারফরম্যান্সে আমি দারুণ খুশি।’ সামনের ম্যাচ থেকেই প্রধান স্ট্রাইকার ওয়েন রুনি মাঠে নামছেন, সেই আভাস দিয়ে রাখলেন নতুন ইংলিশ কোচ, ‘রুনি অবশ্যই একজন বিশেষ খেলোয়াড়, ওকে দলের বাইরে রাখা আসলেই খুব কঠিন।’ তবে আক্রমণভাগে ক্যারল-ওয়েলবেক দুজনই দারুণ করছেন, কপালটা কার পুড়বে সেটা অবশ্য নিশ্চিত করেননি ইংলিশ কোচ। সুইডেন কোচ এরিক হামরেন টানা দুই হারের পর হতাশ, তবে তুঙ্গস্পর্শী উত্তেজনা ছড়ানো ম্যাচের পর খেলোয়াড়দের দুষতে তিনি নারাজ, ‘খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত। ওরা দুর্দান্ত খেলেছে, তার পরও ফিরে আসতে হলো। ওদের জন্য আমার খারাপই লাগছে। আমাদের অস্ত্রোপচার ভালোই হয়েছে, কিন্তু রোগীকে বাঁচানো গেল না।’ এএফপি, রয়টার্স।