ইংল্যান্ডের কাছে চমকের প্রত্যাশা বেকহামের
এবারের ইউরো কাপে ইংল্যান্ডের গায়ে ফেভারিটের তকমা লাগাচ্ছেন না কেউই। কিন্তু চূড়ান্ত আসরে ইংল্যান্ড সবাইকে চমকে দেওয়া পারফরমেন্সই উপহার দেবে, এমনটাই আশা করছেন ডেভিড বেকহ্যাম। অতিরিক্ত কোনো প্রত্যাশা না থাকলেও ইংল্যান্ড দলের কৌশল ও মেধা নিয়ে কারোরই কোন সংশয় থাকা উচিত্ নয় বলে মন্তব্য করেছেন সাবেক এই ইংলিশ মিডফিল্ডার।আজ রোববার ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাত্কারে বেকহ্যাম বলেছেন, ‘আমার মনে হয় আমরা ইউরোয় গিয়ে অনেককেই চমকে দিতে পারব। ইংল্যান্ডের প্রতি কারোরই কোনো অতিরিক্ত প্রত্যাশা নেই। অতীতেও কখনোই ছিলনা। কিন্তু ফুটবলের প্রতি আমাদের ভালোবাসা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। ইউরো শুরুর আগে প্রস্তুতি পর্বটা অবশ্য বেশ ভালোভাবেই সম্পন্ন করেছে ইংল্যান্ড। প্রথমে নরওয়েকে ১-০ গোলে হারানোর পর গতকাল বেলজিয়ামকেও ১-০ গোলে হারিয়ে বেশ আত্মবিশ্বাস নিয়েই পোল্যান্ড ও ইউক্রেন যাবে রয় হজসনের শিষ্যরা। তবে তারপরও ইনজুরি আশঙ্কা বেশ ভাবিয়ে তুলেছে ইংলিশ শিবিরকে। ইতিমধ্যেই ইনজুরির কবলে পড়েছেন দলের দুই নির্ভরযোগ্য মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও গ্যারেথ ব্যারি। গতকাল বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটাতেও ইনজুরির আশঙ্কা ভর করেছে ডিফেন্ডার জন টেরি ও গ্যারি কাহিলকে নিয়ে। এই রকম সঙ্কটপূর্ণ মুহূর্তে ইংল্যান্ডে দলে ফেরার অবশ্য কোন আশা করছেন না ডেভিড বেকহ্যাম। কিন্তু তারপরও ৩৭ বছর বয়সী এই মিডফিল্ডার বলেছেন, ‘আমি কোন ডাকের আশা করছি না, কিন্তু আমি কেন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলিনি, তার তো একটা কারণ আছে। এমনকি এই ৩৭ বছর বয়সেও আমি বলিনি যে, এটাই শেষ। আমি সবসময়ই আমার দেশের প্রতিনিধিত্ব করতে চাই। ইংল্যান্ড দলের অংশ হতে চাই। যদিও আমার মনে হয় না যে, এমনটা ঘটবে। কিন্তু একটা সুযোগ তো সবসময়ই থাকে। আমি কখনোই না বলি না।’ ইএসপিএন