ইংল্যান্ডের কোচ হওয়াটা সহজ নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচের কাজ কতটা কঠিন সেটা তাঁর চেয়ে ভালো তো কেউ জানে না। ওল্ড ট্রাফোর্ডে দুই যুগেরও বেশি সময় দায়িত্ব সামলাতে গিয়ে কত উত্থান-পতনই দেখেছেন স্যার অ্যালেক্স ফার্গুসন। দেখেছেন, শিখেছেন আবার শিখিয়েছেনও। সব মিলিয়েই তিনি এখন ইতিহাসের সফল কোচদের একজন। সেই ফার্গুসনের কাছেও কিনা ইংল্যান্ডের কোচের দায়িত্বটা কঠিন মনে হচ্ছে! এতটাই যে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মনে করছেন—ইংল্যান্ডের কোচ হওয়ার মতো ‘ভয়ংকর’ কাজ আর হতে পারে না!
বছর দেড়েক ধরে ইংল্যান্ডের এই তপ্ত আসনটা সামলাচ্ছেন রয় হজসন। মূল লক্ষ্য ছিল বিশ্বকাপের বাছাইপর্বের বাধা পেরোনো এবং শেষ পর্যন্ত হজসনের দল সেটা করেছেও। তবে এ পথে হাঁটতে গিয়ে অনেক চড়াই-উতরাই পেরোতে হয়েছে তাঁকে, ঘুরে আসতে হয়েছে খাদের কিনারা থেকেও। একটা সময় তো ইংল্যান্ডের বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়েও দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কঠিন সেই সময়টায় বারবার সমালোচনার তিরে বিদ্ধ হয়েছেন হজসন। নিজের ক্যারিয়ারে অনেকবার এ রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন স্যার ফার্গুসনও। তবে তাঁর কাছে সেটির চেয়ে যেন হজসনের দায়িত্বটাই বেশি কঠিন মনে হচ্ছে, ‘আমার মনে হয় না ইংল্যান্ডের কোচ হওয়াটা খুব একটা ভালো কাজ। এটা একটা ভয়ংকর দায়িত্ব।’ ১৯৬৬ সালের পর তিন সিংহের দল আর বিশ্বকাপ না জেতায় দিন দিন কাজটা আরও কঠিন হচ্ছে বলে মনে করেন এই স্কটিশ কিংবদন্তি, ‘যত দিন পর্যন্ত আপনি এটা (বিশ্বকাপ) জিততে না পারবেন তত দিন পর্যন্ত এটা কঠিন হয়েই থাকবে। আমি জানি, ইংল্যান্ডের কোচের দায়িত্বটা দুঃস্বপ্নের মতো।’ ওয়েবসাইট।