ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্য ফেসবুক-টুইটার নিষিদ্ধ!
টুইটারে কোচ জন আব্রাহামসকে ‘অকেজো’ আখ্যায়িত করে দল থেকে বাদ পড়েছিলেন অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক আজিম রফিক। টুইটারের বার্তা পাঠিয়ে বিতর্ক সৃষ্টি করে শাস্তি পেতে হয়েছিল ইয়র্কশায়ারে আজিমের সতীর্থ টিম ব্রেসনেনকেও। আজিম- ব্রেসনেনের মতো ইংল্যান্ডের অনেক ক্রিকেটারই সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ফেসবুক ও টুইটারের মাধ্যমে নিয়িমিত যোগাযোগ করেন। আর এ যোগাযোগ করতে গিয়ে অনেক সময় দলের গোপন খবর ফাঁস হয়ে যায়, অনেক সময় সৃষ্টি হয় বিতর্কের। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই জাতীয় দায়িত্ব পালনের সময় ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্য ফেসবুক ও টুইটার ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। খবর ডেইলি মেইল।পত্রিকাটি জানিয়েছে, গ্রায়েম সোয়ান, জেমস অ্যান্ডারসন, কেভিন পিটারসেন ও স্টিফেন ফিনের টুইটারে প্রায় এক লাখ ৫০ হাজার সমর্থক রয়েছে। ক্রিকেটাররা এ যোগাযোগকে ক্ষতিকর হিসেবে না দেখলেও বাধা হয়ে দাঁড়িয়েছে দলের ম্যানেজমেন্ট। জাতীয় দায়িত্ব পালনের সময় ক্রিকেটারদের অনুশীলন আর মাঠের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান তাঁরা। ইংল্যান্ডের ম্যানেজমেন্টের আশঙ্কা, এভাবে যোগাযোগের মাধ্যমে ড্রেসিং রুমসহ অনেক গোপন তথ্যই ফাঁস হয়ে যেতে পারে।প্রতিবেদনে বলা হয়েছে, অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের সমর্থন নিয়ে ক্রিকেটারদের ওপর ফেসবুক-টুইটার ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে বদ্ধপরিকর ইংল্যান্ডের ম্যানেজমেন্ট। ২০১০-১১ সালের নতুন জাতীয় চুক্তিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।—ওয়েবসাইট