ইংল্যান্ডের জয়ের লক্ষ্য ২৮৮ রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটি জয়ের পর ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও শুরুটা বেশ ভালোভাবেই করেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলার দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে জয়ের জন্য ইংল্যান্ডকে ২৮৮ রানের বড় লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে প্রোটিয়ারা। ১২৪ বলে ১৫০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে শেষ ওভারে আউট হন আমলা। ইংল্যান্ডের পক্ষে দুইটি উইকেট নিয়েছেন গ্রায়েম সোয়ান।ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজটি দক্ষিণ আফ্রিকা জিতেছিল ২-০ ব্যবধানে। আর এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটিতেও ভালো পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে প্রোটিয়ারা। প্রথম ওয়ানডেটি বৃষ্টির বাধায় পণ্ড হওয়ার পর আজ দ্বিতীয় ম্যাচে শক্ত অবস্থান তৈরি করেছে দক্ষিণ আফ্রিকা। টসে জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৮৯ রানের জুটি গড়ে দলকে শুভসূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার গ্রায়েম স্মিথ ও হাশিম আমলা। ২০তম ওভারে ৫২ রান করা স্মিথকে সাজঘরে ফিরিয়ে ইংলিশ শিবিরে কিছুটা স্বস্তি এনে দিয়েছিলেন ব্রেসনান। কয়েক ওভার পরে দুর্ভাগ্যবশত রানআউটের ফাঁদে পড়ে বিদায় নেন জেপি ডুমিনি। তৃতীয় উইকেটে আবার ৪৪ রানের জুটি গড়েছিলেন হাশিম আমলা ও ডিন এলগার। দলীয় ১৬৫ রানের মাথায় এলগারকে সাজঘরে ফিরিয়েছেন গ্রায়েম সোয়ান। তবে তারপরও প্রায় পুরোটা সময়ই ইংল্যান্ডের বোলারদের তটস্থ করে রেখেছেন আমলা। চতুর্থ উইকেটে এবি ডি ভিলিয়ার্সকে সঙ্গে নিয়ে ৬৫ রানের জুটি গড়েন এই ডানহাতি ব্যাটসম্যান। ৪৪তম ওভারে এই জুটি ভাঙ্গেন সোয়ান। ২৮ রান করে বিদায় নেন ভিলিয়ার্স। শেষপর্যায়ে ঝড়ো ব্যাটিং করে স্কোরবোর্ডে ২৮৭ রান জমা করেন হাশিম আমলা ও ডু প্লেসিস। পঞ্চম উইকেটে মাত্র ৬ ওভারেই তাঁরা যোগ করেন ৫৫ রান।