ইংল্যান্ডের টানা দ্বিতীয় জয়
টেস্ট সিরিজে ধবলধোলাই হলেও ওয়ানডে সিরিজটা অন্তত হারছে না ইংল্যান্ড। কাল আবুধাবিতে চার ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও জিতেছে অ্যালিস্টার কুকের দল। প্রথম ম্যাচে ১৩০ রানে হারা পাকিস্তান এবার হেরেছে ২০ রানে। সিরিজে ইংল্যান্ড এগিয়ে গেল অনতিক্রম্য ২-০ ব্যবধানে। পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল প্রথম ম্যাচের চেয়েও ১০ রান কম। ২৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এবার তারা অলআউট ২৩০ রানে। মোহাম্মদ হাফিজ ও ইমরান ফরহাত উদ্বোধনী জুটিতে ৬১ রান করেছেন। ৬১ রানে সর্বোচ্চ ৪৭ রান করে হাফিজ আউট হওয়ার পর নিয়মিত উইকেট হারিয়ে ৪৯ ওভারেই অলআউট পাকিস্তান। হাফিজের সমান রান করেছেন অধিনায়ক মিসবাহ। ইংল্যান্ডের পেসার স্টিভেন ফিন টানা দ্বিতীয় ম্যাচেও পেয়েছেন ৩৪ রান ৪ উইকেট। প্রথম ইংল্যান্ড অধিনায়ক হিসেবে টানা দুই ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছেন অ্যালিস্টার কুকও! তাই আবুধাবিতে সিরিজের দ্বিতীয় ম্যাচটা যেন অনুসরণ করল প্রথম ম্যাচকেই। আবারও টস জিতে ইংল্যান্ডের ব্যাটিং, অর্ধশত রানের উদ্বোধনী জুটি, ইনিংসের সবচেয়ে বড় জুটি কুক-বোপারার, আবারও কুক ছাড়া একমাত্র পঞ্চাশ ছুঁলেন রবি বোপারা। আবার শেষ দিকে ঝড় তুলতে ব্যর্থ ইংল্যান্ড। তবে এবার আর ৫ উইকেট পাননি সাঈদ আজমল। ২৮ রানে উইকেটের পেছনে উমর আকমলের হাতে জীবন পাওয়া কুক আর কোনো সুযোগ দেননি। ক্যারিয়ারের চতুর্থ আর অধিনায়ক হওয়ার পর ২০ ম্যাচে তৃতীয় সেঞ্চুরিটি তুলে নিয়েছেন ১১৮ বলে। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ৫০ ওভারে ২৫০/৪ (কুক ১০২, পিটারসেন ২৬, ট্রট ২৩, বোপারা ৫৮, মরগান ২৫*, চিমা ২/৪৯, আফ্রিদি ১/৩৮, আজমল ১/৫৮)। পাকিস্তান: ৪৯ ওভারে ২৩০ (হাফিজ ২৬, ফরহাত ৪৭, আজহার ৩১, ইউনুস ৫, মিসবাহ ৪৭, আকমল ২১, আফ্রিদি ১৮, রেহমান ১, গুল ৫, আজমল ৭*, চিমা ১; ফিন ৪/৩৪, অ্যান্ডারসন ২/৩৬, প্যাটেল ২/৫১, ব্রড ১/৫৪)। ফল: ইংল্যান্ড ২০ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: অ্যালিস্টার কুক।