ইংল্যান্ডের দীর্ঘশ্বাস মুছে যাওয়ার আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো আইসিসি আয়োজিত বড় কোনো প্রতিযোগিতার শিরোপা জয়ের পর তো এভাবেই উল্লাসে মেতে ওঠার কথা ইংলিশ ক্রিকেটারদের
প্রথমবারের মতো আইসিসি আয়োজিত বড় কোনো প্রতিযোগিতার শিরোপা জয়ের পর তো এভাবেই উল্লাসে মেতে ওঠার কথা ইংলিশ ক্রিকেটারদের

২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকিয়ে ইংল্যান্ডের হাসি যত চওড়া হবে, ততটাই দীর্ঘশ্বাসে পুড়বে পাকিস্তান। এই আসর অস্ট্রেলিয়ার জন্যও দীর্ঘশ্বাসের আগুনে পুড়ে ছাই হওয়ার।
ইংল্যান্ডের উচ্ছ্বাসের কারণটাই আগে ব্যাখ্যা করা দরকার। ইংলিশরা বড় গর্ব করে নিজেদের ক্রিকেটের আবিষ্কর্তা হিসেবে দাবি করে। কিন্তু সেই ইংল্যান্ডই আইসিসির কোনো টুর্নামেন্ট জিততে পারছিল না। ওয়ানডে বিশ্বকাপে তিন-তিনবার ফাইনালে উঠেও রানার্সআপের সান্ত্বনা নিয়ে ঘরে ফিরতে হয়েছে। জেতা হয়নি মিনি বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়নস ট্রফিও। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে এসে সেই আক্ষেপ ঘুচল ইংলিশদের।
ইংলিশদের এই আক্ষেপ ঘুচে যাওয়ার মধ্যেই লুকিয়ে আছে অস্ট্রেলিয়ার দীর্ঘশ্বাস। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এখনো টি-টোয়েন্টির শিরোপা ঘরে তুলতে পারেনি। এই আসরেই উঠেছিল ফাইনালে। কিন্তু তাদের শিরোপা-স্বপ্ন ছিনতাই হয়ে যায় চিরপ্রতিদ্বন্দ্বী ইংলিশদের কাছে।
কিন্তু পাকিস্তানের দীর্ঘশ্বাসের কারণটাও কী? এই আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান সেমিফাইনালে ১৯১ রান করেও ম্যাচটা হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। আক্ষেপের আসল কারণ অবশ্য সেটি নয়। পাকিস্তান শিরোপা জিতেছিল ২০০৯ সালের জুনে। অথচ এক বছর পূর্ণ হওয়ার আগেই আরেকটি বিশ্বকাপ! শিরোপার স্বাদ বেশি দিন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার সৌভাগ্যই হলো না তাদের।

২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসে ওয়েস্ট ইন্ডিজে। সেন্ট লুসিয়া, বারবাডোজ ও গায়ানাতে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রতিটি স্টেডিয়াম ছিল দারুণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা।

টুর্নামেন্টে ১২টি দল অংশ নিয়েছিল, এর মধ্যে আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে কোয়ালিফাইং রাউন্ড অতিক্রম করে আসতে হয়েছিল। মূল টুর্নামেন্টে প্রতি গ্রুপে তিনটি করে মোট চারটি গ্রুপ করা হয়েছিল।

টুর্নামেন্টের প্রথম দিন মুখোমুখি হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান ও বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুলের ৪৯ বলে ৬৫ রানের ইনিংসের সৌজন্যে বাংলাদেশ বেশ লড়াই করেছিল। যদিও শেষ পর্যন্ত ২১ রানের হার। পরে অস্ট্রেলিয়ার কাছেও হেরে শেষ হয়ে যায় বাংলাদেশের বিশ্বকাপ।

বাকি তিনটি গ্রুপ থেকে পরের রাউন্ডে কোয়ালিফাই করে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। মজার ব্যাপার হলো, যে ইংল্যান্ড এই আসরে তাদের দীর্ঘদিনের হাহাকার মুছেছে, সেই তারাই কিন্তু ভাগ্যের ছোঁয়া পেয়ে গেছে দ্বিতীয় রাউন্ডে। গ্রুপ পর্বের দুই ম্যাচের একটিও জেতেনি তারা! একটিতে হেরেছে, অন্যটিতে বৃষ্টিতে ভেসে যাওয়ায় পেয়েছে এক পয়েন্ট। সেই এক পয়েন্টই পরের রাউন্ডে তুলেছে তাদের। অথচ আইরিশরা ইংলিশদের আটকে ফেলেছিল ১২০ রানের মধ্যেই। ম্যাচটাতে অঘটন ঘটত কি না—সেই প্রশ্নের মীমাংসা করতে দেয়নি বৃষ্টি।

পরের রাউন্ডে গিয়ে খোলনলচে বদলে যায় ইংলিশদের। দাপটের সঙ্গেই তারা হারায় পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে। এই তিন ম্যাচের দুটোতেই ম্যাচসেরা হন কেভিন পিটারসেন। ‘ই’ গ্রুপ থেকে সেমিফাইনালে যায় ইংল্যান্ড ও পাকিস্তান। গ্রুপ পর্বে ভালো করলেও দ্বিতীয় রাউন্ডে তিন ম্যাচের প্রতিটিতেই হেরে বিদায় নেয় ভারত। ‘এফ’ গ্রুপ থেকে শেষ চারে উঠে যায় অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া পাকিস্তানকে আর ইংল্যান্ড শ্রীলঙ্কাকে হারালে বিদায় নিতে হয় দুই এশীয় দলকে। ফাইনালটা হয়ে যায় চিরপ্রতিদ্বন্দ্বীদের।

আর সেই ফাইনালে অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া ১৪৮ রানের মামুলি লক্ষ্য ১৮ বল আর সাত উইকেট হাতে রেখে জিতে যায় ইংলিশরা। পল কলিংউডের হাতে ওঠে ইংলিশদের পরম আরাধ্যের বিশ্বকাপ ট্রফি, হোক না সেটা টি-টোয়েন্টির। পুরো টুর্নামেন্টে ভালো খেলে মাহেলা জয়াবর্ধনে সেঞ্চুরিসহ ৩০২ রান করলেও ২৪৮ রান করেও টুর্নামেন্ট সেরা হন পিটারসেন। ইংলিশদের শিরোপার আসল কারিগর যে ছিলেন তিনিই।