ইংল্যান্ডের দুই উইকেট নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটের ২০০০তম ম্যাচে শুরুতে কিছুটা ভালো অবস্থানে আছে ভারত। জহির খানের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৬২ রানেই দুই ওপেনার অ্যালিস্টার কুক ও অধিনায়ক অ্যান্ডি স্ট্রাউসের উইকেট হারিয়েছে ইংল্যান্ড। তবে তৃতীয় উইকেটে ৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রাথমিক ধাক্কা কিছুটা সামলে নিয়েছেন জনাথন ট্রট ও কেভিন পিটারসেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের স্কোরবোর্ডে জমা হয়েছে ১২৭ রান। ৪৯ ওভারের পর বৃষ্টির কারণে খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা।টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই সিদ্ধান্তের যথার্থতাও খুব ভালোমতোই প্রমাণ করেছেন ভারতীয় বোলাররা। ১১তম ওভারে মাত্র ১৯ রানের মাথায় অ্যালিস্টার কুককে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে পাঠিয়েছেন জহির খান। দ্বিতীয় উইকেটে ৪৩ রানের জুটি গড়ে বেশ ভালোমতোই এগিয়ে যাচ্ছিলেন অধিনায়ক অ্যান্ডি স্ট্রাউস ও জনাথন ট্রট। কিন্তু এই জুটি খুব বেশি বিপদজনক হয়ে ওঠার আগেই আবার আঘাত হেনেছেন জহির খান। ব্যক্তিগত ২২ রানের মাথায় ইশান্ত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন স্ট্রাউস। এখন ৫৮ রান নিয়ে ব্যাট করছেন জনাথন ট্রট। ২২ রান নিয়ে অপরাজিত আছেন কেভিন পিটারসেন।