ইংল্যান্ডের নেতৃত্ব দেবেন ল্যাম্পার্ড
বুলগেরিয়া ও মন্টেনিগ্রোর বিপক্ষে ইংল্যান্ডের শেষ দুটি ম্যাচে ইংলিশ দলে সুযোগই পাননি ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। ফলে আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে কিছুটা সংশয়েই ছিলেন ৩৩ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার। কিন্তু সে সংশয়ের অবসান ঘটিয়ে আবারও ইংল্যান্ড দলে ফিরতে যাচ্ছেন ল্যাম্পার্ড। শুধু ফেরাই নয়, আজ বিশ্বকাপজয়ী স্পেনের বিপক্ষে ইংল্যান্ডের নেতৃত্বের গুরুদায়িত্বও উঠছে ল্যাম্পার্ডের হাতে।নিয়মিত অধিনায়ক জন টেরি বর্ণবাদী আচরণের দায়ে অভিযুক্ত। আর এ কারণেই ল্যাম্পার্ডের হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিতে দেবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন কোচ ফ্যাবিও ক্যাপেলো।সম্প্রতি প্রিমিয়ার লিগের খেলায় বর্ণবাদী আচরণের অভিযোগ এসেছে জন টেরির বিরুদ্ধে। ফলে এখন পুলিশ ও ফুটবল অ্যাসোসিয়েশনের তদন্তের সম্মুখীন হতে হচ্ছে ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ককে। এদিকে ইনজুরির কারণে মাঠে নামতে পারছেন না স্টিভেন জেরার্ডও। ফলে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার ভার আপাতত ল্যাম্পার্ডের হাতেই ন্যস্ত হয়েছে। তবে খুব শিগগিরই টেরিকে ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ ফ্যাবিও ক্যাপেলো। তিনি বলেছেন, ‘টেরিই আমাদের দলনেতা। স্পেনের বিপক্ষে মাঠে নামতে না পারলেও পরবর্তী সপ্তাহে সুইডেনের বিপক্ষেই সে মাঠে নামতে পারবে। এখন পর্যন্ত টেরির বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। আমার কাছে সে পুরোপুরিই নির্দোষ।’ ওয়েবসাইট।