ইংল্যান্ডের ফিজিও-দুর্ভাগ্য!

ইংল্যান্ড শিবিরে চোট-সমস্যার দেখভাল করবেন কে? ফিজিও সাহেব যে নিজেই এখন রোগী। ইতালির বিপক্ষে হতাশা বয়ে আনা ম্যাচে একমাত্র আনন্দের মুহূর্ত ছিল ড্যানিয়েল স্টারিজের গোল; সেই গোল উদযাপন করতে গিয়েই কিনা স্ট্রেচারে শুয়ে মাঠ ত্যাগ করলেন দলের ফিজিও গ্যারি লেউইন!
গোলের আনন্দ উদযাপন করতে গিয়েই বিপত্তি। আবেগের আতিশয্যে লেউইন লাফিফে উঠতেই পা পড়ে মাটিতে পড়ে থাকা একটি বোতলে। আর তাতেই গোড়ালির হাড় ভেঙে একাকার ইংলিশ ফিজিওর। ম্যাচ চলাকালেই তাঁকে জরুরি ভিত্তিতে নেওয়া হয়েছে হাসপাতালে।
এই মুহূর্তে বিপদ কাটিয়ে উঠলেও বিশ্বকাপে তাঁকে আর পাচ্ছেন না ইংলিশ খেলোয়াড়েরা। ফিজিও লেউইনকে ফেরত যেতে হচ্ছে নিজ দেশে। পুরো বিষয়টিই বড় একটা ধাক্কা হয়েই এসেছে ইংল্যান্ড দলে। প্রথম ম্যাচ হেরে উরুগুয়ে, কোস্টারিকার বিপক্ষে পরের দুটো ম্যাচে যেখানে অগ্নিপরীক্ষার মুখোমুখি দল, দ্বিতীয় পর্বে ওঠাটাই যেখানে চ্যালেঞ্জ, সেখানে ফিজিওর আহত হয়ে দেশে ফিরে যাওয়াটা বাড়তি চাপ হয়েই দেখা দিয়েছে। এএফপি।