ইংল্যান্ডের বিপক্ষে অনিশ্চিত শেভচেঙ্কো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার ইউক্রেনের গুরুত্বপূর্ণ খেলা। ইংলিশদের বিপক্ষে একটি জয়ই তাদের এনে দিতে পারে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালের টিকিট। কিন্তু সেদিন তারা দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়টিকে পাবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে ঘোর সংশয়। খবরে প্রকাশ, ইউক্রেনের ভরসার প্রতীক, সাবেক ব্যালন ডি’অর আন্দ্রেই শেভচেঙ্কো হাঁটুর ব্যথায় ভুগছেন। ইংল্যান্ডের বিপক্ষে তিনি খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।ফ্রান্সের বিপক্ষে ম্যাচে হাঁটুতে আঘাত পান শেভচেঙ্কো। বৃষ্টি-বিঘ্নিত সেই ম্যাচে ইউক্রেন ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে পরাজিত হয়। হাঁটুর আঘাতের কারণে কাল অনুশীলন থেকেও দূরে ছিলেন ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকার। তবে ইংল্যান্ডের বিপক্ষে তাঁকে মাঠে নামানোর জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউক্রেন দলের মেডিকেল স্টাফরা।ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে শেভচেঙ্কো খেলতে না পারলে তা হবে ইউক্রেনের জন্য বিরাট এক আঘাত। প্রথম ম্যাচে সুইডেনকে ২-১ গোলে হারানো ইউক্রেনের কোয়ার্টার ফাইনালে খেলার জন্য ইংল্যান্ডকে হারাতেই হবে। ম্যাচটি ড্র হলে ইংল্যান্ডের পাশাপাশি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে ফ্রান্স। রয়টার্স।