ইংল্যান্ডের বিপক্ষেও অনিশ্চিত সুয়ারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল নিয়ে অনুশীলন করলেও ম্যাচ খেলার ফিটনেস এখনো ফিরে পাননি লুইস সুয়ারেজ। ছবি: এএফপি
বল নিয়ে অনুশীলন করলেও ম্যাচ খেলার ফিটনেস এখনো ফিরে পাননি লুইস সুয়ারেজ। ছবি: এএফপি

কোস্টারিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে লুইস সুয়ারেজের অভাবটা বেশ ভালো মতোই টের পেয়েছে উরুগুয়ে। প্রথমার্ধে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দুবারের শিরোপা বিজয়ীদের। কিছু করতে না পারার আক্ষেপে ডাগআউটে বসে হয়তো ছটফটই করেছেন তিনি। দুর্দশার শেষ এখানেই হচ্ছে না। ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচটাও উরুগুয়েকে খেলতে হতে পারে দলের সেরা খেলোয়াড়টিকে ছাড়াই।
লিভারপুলের হয়ে দুর্দান্ত একটা মৌসুম কাটিয়েছেন সুয়ারেজ। জিতেছেন ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। অনেক জায়গায় পেছনে ফেলে দিয়েছেন মেসি-রোনালদোর মতো তারকাকেও। বিশ্বকাপেও সেই দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখবেন, এমন প্রত্যাশাই ছিল উরুগুয়ে সমর্থকদের। কিন্তু বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে চোটের কবলে পড়ে সেই স্বপ্ন ধূসর গতে চলেছে। সুয়ারেজের চোট উরুগুয়ের বিশ্বকাপ মিশনের শুরুটা করে তুলেছে অনিশ্চিত, পথহারা।
কোস্টারিকার বিপক্ষে ৩-১ গোলে হারের পর অনিশ্চিতই হয়ে পড়েছে দ্বিতীয় রাউন্ডে খেলার আশা। গ্রুপ পর্বের বাধা পেরোতে হলে ইংল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচটি জিততেই হবে উরুগুয়েকে। কিন্তু সেখানেও সুয়ারেজকে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় থাকছে। কোচ অস্কার তাবারেজের কণ্ঠেও আশাবাদ নেই, ‘আমরা তাকে এমন অবস্থায় চাই যখন সে কোনো ম্যাচ খেলতে পারবে। কোস্টারিকার বিপক্ষে ম্যাচটা সে গ্যালারিতে বসে দেখতে চায়নি। সে কারণেই তাকে দলে রাখা হয়েছিল। কিন্তু খেলাটা তার জন্য খুবই কঠিন হতো। মাঠে নামার জন্য নির্দিষ্ট পর্যায়ের একটা ফিটনেস দরকার। সুয়ারেজের সেই ফিটনেস নিয়ে সংশয় ছিল। আর তার খেলাটাও ছিল অনিশ্চিত। এখন দেখা যাক ইংল্যান্ডের বিপক্ষে কী হয়। আমাদের হাতে এখনো চার দিন সময় আছে।’
‘ডি’ গ্রুপের মৃত্যু-কূপ পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার কাজটা যে খুবই কঠিন সেটা আগে থেকেই জানা ছিল উরুগুয়ের। আর কোস্টারিকার বিপক্ষে প্রথম ম্যাচ হেরে সেই কাজ আরও কঠিন করে তুলেছে তাবারেজের শিষ্যরা। গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচে দুই ইউরোপিয়ান পরাশক্তি ইতালি ও ইংল্যান্ডের মুখোমুখি হতে হবে তাদের। একটি ম্যাচ হারলেই শেষ হয়ে যেতে পারে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন। রয়টার্স