হল্যান্ড এখন গর্তে পড়ে যাওয়া হাতি। বেলজিয়ামের লাথি-গুঁতোও তাকে খেতে হয়। হল্যান্ড এখন ডুবন্ত জাহাজ, লুই ফন গল নামের উদ্ধারকারীও ঘেমে একাকার।গত ইউরোতে শিরোপার আশায় এসে গ্রুপ পর্বে তিন ম্যাচের সব কটিতেই হেরে লজ্জাজনক বিদায়। এরপর কোচ পাল্টে ফন গলের শরণ। কিন্তু অভিজ্ঞ এই কোচের শুরুটা হলো একেবারেই তিতকুটে। বেলজিয়ামের মতো দলের কাছে পরশু হল্যান্ড হজম করল এক হালি গোল। দুটো গোল শোধ দিয়েও তাই ৪-২ গোলের পরাজয়।হল্যান্ড আসলে হেরেছে এক ড্রাইস মের্টেন্সের কাছে। নিজে একটা গোল করেছেন, দুটো গোল বানিয়ে দিয়েছেন। হল্যান্ড অবশ্য ৫৪ আর ৫৫ মিনিটে লুসিয়ানো নরসিং ও ক্লাস-ইয়ান হান্টেলারের টানা দুই গোলে একসময় এগিয়ে গিয়েছিল। কিন্তু যেমন দ্রুত গোল দিয়েছে, তার চেয়েও দ্রুত গোল খেয়েছেও! ৭৫ থেকে ৮০—এই পাঁচ মিনিটের মধ্যে তিন গোল হজম করেই ম্যাচটা হেরেছে।পরশু রাশিয়ার কোচ হিসেবে যাত্রা শুরু করেছেন ফ্যাবিও ক্যাপেলোও। আইভরি কোস্টের সঙ্গে ম্যাচটা ১-১ ড্র হয়েছে। নিজেদের মাঠে উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ফ্রান্স। পুঁচকে পুয়ের্তো রিকোর সঙ্গে স্পেন জিতেছে ন্যূনতম ব্যবধানে। স্কোরলাইন (২-১) দেখলে অবশ্য মনে হতে পারে, স্পেনের ঘামই ঝরেছে। কিন্তু প্রথমার্ধের শেষ চার মিনিটে সান্তি কাজোরলা আর সেস ফ্যাব্রিগাসের দুটো গোল সহজ জয়ই এনে দিয়েছে ইউরো-বিশ্বকাপ-ইউরো জেতা স্পেনকে। ৬৫ মিনিটে একটি গোল করলেও পুয়ের্তো রিকো কখনোই হুমকি হয়ে উঠতে পারেনি স্পেনের জন্য।ওদিকে লিওনেল মেসির গোলের জবাব গোল দিয়েই দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর আর অলিভিয়েরার গোলে পানামাকে ২-০ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। পরশুর প্রীতি ম্যাচের পসরায় সবচেয়ে বড় ম্যাচ ছিল ইংল্যান্ড-ইতালি। ম্যাচটা জমেছিলও দারুণ। সুইজারল্যান্ডে হওয়া ম্যাচে ১৫ মিনিটে এগিয়ে গিয়েছিল ইতালি। ড্যানিয়েলে ডি রসির গোলে ২৭ মিনিটে সেই গোল শোধ করে দেন ফিল জাগিলকা। ১-১ সমতা নিয়ে এগোতে থাকা ম্যাচে ৮০ মিনিটে গোল করে জারমেইন ডিফো ইতালির বিপক্ষে বিরল এক জয় এনে দেন ইংল্যান্ডকে। ১৯৯৭ সালের পর এই প্রথম ইতালিকে হারাল ইংলিশরা। ওয়েবসাইট।এক নজরে বেলজিয়াম ৪ : ২ হল্যান্ড ইংল্যান্ড ২ : ১ ইতালি ফ্রান্স ০ : ০ উরুগুয়ে পর্তুগাল ২ : ০ পানামা স্পেন ২ : ১ পুয়ের্তো রিকো