ইংল্যান্ডের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ
আবারও সেই রিভার্স সুইং, আবারও সেই বল টেম্পারিংয়ের অভিযোগ। ১৯৯২ সালে ওয়াসিম আকরামের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, ২১ বছর পর সেই একই অভিযোগ আনা হলো ইংল্যান্ডের বোলারদের বিরুদ্ধে। অভিযোগকারী ইংল্যান্ডেরই সাবেক অধিনায়ক বব উইলিস। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে ইংল্যান্ডের এক বোলার বল টেম্পারিং করেছেন বলে অভিযোগ করেছেন উইলিস। তবে এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অ্যালিস্টার কুক। দক্ষতা ও কঠোর পরিশ্রমের ফলেই ইংলিশ বোলাররা রিভার্স সুইং করাতে সক্ষম বলে দাবি করেছেন ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক।গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের সর্বশেষ ম্যাচের ২৬তম ওভারে একটি বল পরিবর্তন করেছিলেন আম্পায়ার আলিম দার ও বিলি বাউডেন। এই ঘটনাটিই উসকে দিয়েছে বল টেম্পারিং বিতর্ক। বব উইলিস দাবি করেছেন, ইংল্যান্ডের একজন খেলোয়াড় রিভার্স সুইং করানোর জন্য নখ দিয়ে খুঁটিয়ে বলটি ক্ষতিগ্রস্ত করেছেন। এই অভিযোগ শোনার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কুক। তিনি মনে করেন, বলটি রিভার্স সুইং করানোর মতো পর্যায়ে এমনিতেই এসেছিল আর এটা খেলা চালানোর মতো অবস্থায় নেই মনে করাতেই আম্পায়াররা বলটি পরিবর্তন করেছিলেন। এর পেছনে অবৈধ কোনো কারিকুরি নেই। একই রকমের বক্তব্য এসেছে আইসিসির মুখপাত্রের কাছ থেকেও। বলটি দিয়ে আর খেলা যাবে না, মনে করাতেই সেটি পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। উইলিসের এই অভিযোগের ভিত্তিতে পরে কোনো পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও এখন পর্যন্ত দেয়নি আইসিসি। ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ অ্যাশলি জাইলসও উড়িয়ে দিয়েছেন এই অভিযোগ।