ইংল্যান্ডের ব্যর্থতার মূলে ক্যাপেলো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাবিও ক্যাপেলোকে ঘিরে স্বপ্ন দেখেছিল ইংলিশরা। তাদের বিশ্বাস ছিল, ৪৪ বছর পর ইংল্যান্ডকে আবার বিশ্বকাপ জেতাবেন এই ইতালিয়ান কোচ। কিন্তু ইংলিশদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে মিলিয়ে গেছে।এখন আরেক নতুন স্বপ্ন দেখছে ইংলিশরা—ক্যাপেলো তাদের জেতাবেন ইউরো চ্যাম্পিয়নশিপ। কিন্তু রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচ হোসে মরিনহোর কাছে এটা শুধুই দিবাস্বপ্ন। ক্যাপেলো ইংল্যান্ডকে কোনো দিনই বড় কোনো শিরোপা জেতাতে পারবেন না বলেই মনে করেন তিনি। মরিনহোর কাছে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ইংল্যান্ডের ব্যর্থতার কারণও ক্যাপেলোই, ‘সমস্যা আসলে ম্যানেজারের। ভুলটাও তার। বড় এক লজ্জার ব্যাপার এটা।’রিয়াল মাদ্রিদে মরিনহোর পূর্বসূরি ক্যাপেলো। রিয়াল মাদ্রিদকে দুটি স্প্যানিশ লিগ শিরোপাও জিতিয়েছেন এই ইতালিয়ান। তা হতে পারে, তবে ক্যাপেলোর কোচিংয়ে বড় রকমের সমস্যা আছে বলে মনে করেন মরিনহো। তাঁর সেই সমস্যার কথা রিয়াল মাদ্রিদেও নাকি সর্বজনবিদিত। কী সেই সমস্যাগুলো? ‘খেলোয়াড়দের সঙ্গে তার সম্পর্ক শুধুই এক ধরনের। রিয়াল মাদ্রিদেই সবাইকে জিজ্ঞেস করে দেখেন না! তিনি পরিবর্তন আনতে পারেন না। আসলে খেলোয়াড়দের সঙ্গে শুধু চিৎকার-চেঁচামেচি করে আপনি সেটা পারবেনও না। ওরা যেন আপনাকে বিশেষ ভাবে, সে রকম কিছু হতে হবে’—বলেছেন নিজেকে ‘স্পেশাল ওয়ান’ দাবি করা মরিনহো।ক্যাপেলোর এ রকম একরোখা আচরণের জন্য ইংল্যান্ডের খেলোয়াড়েরা নাকি তাঁকে বুঝেই উঠতে পারে না। শূন্যতা থেকে যাচ্ছে এখানেই। দ্য ডেইলি মিরর পত্রিকাকে মরিনহো বলেছেন, ‘এটা পরিষ্কার, ক্যাপেলোকে দিয়ে ইংল্যান্ডের কাজ হবে না। খেলোয়াড়দের আসলে সুস্পষ্ট কৌশল প্রয়োজন। কী করছে তা নিয়ে খেলোয়াড়দের বিভ্রান্ত হলে চলবে না। ক্যাপেলোকে ওরা ভয় পায় এবং ক্যাপেলোর মতো করে খেলতে পারে না।’রিয়ালের দায়িত্ব নেওয়ার আগে গত মৌসুমে ইন্টার মিলানকে ট্রেবল জিতিয়েছেন মরিনহো। ইতালির ফুটবলে পা রাখার আগে চেলসিকে জিতিয়ে গেছেন দুটি ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা। ইংলিশ লিগে কোচ থাকার সময় মাঠে এবং মাঠের বাইরে কথার লড়াইয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন অ্যালেক্স ফার্গুসন, রাফায়েল বেনিতেজ ও আর্সেন ওয়েঙ্গার। লিভারপুল কোচ বেনিতেজ ইন্টারে গিয়ে বসেছেন মরিনহোর জায়গায়। তাঁকেও একহাত নিয়েছেন মরিনহো। ‘বেনিতেজের আমলে লিভারপুল ক্রমেই বাজে দলে পরিণত হয়েছে’—বলেছেন তিনি। এএফপি।