ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেল চিমনি দিয়ে বেরিয়েছে সাদা ধোঁয়া। নতুন পোপ পাওয়ার খবর নিয়ে শুরু হয়েছে দিন। গ্যালারিতে এক দর্শককে পাওয়া গেল পোপের শ্বেতশুভ্র বেশে। ওয়েলিংটনের আকাশেও কাল সাদা মেঘের ছড়াছড়ি, সকাল থেকে ঝকঝকে রোদ। ভ্যাটিকানে পোপের কাছে গিয়ে অনেকেই নিজের পাপ স্বীকার করেন। কাল দিন শেষে অনুতপ্ত ব্রেন্ডন ম্যাককালামও হয়তো খুঁজে ফিরছিলেন পোপকে। কিউই অধিনায়ক একরকম ‘অপরাধ’ করেই ফেলেছেন! এমন দিনে, এই ব্যাটিং উইকেটে টস জিতে ফিল্ডিং!গত জানুয়ারিতে, টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম টসটি জিতে ব্যাটিং নিয়েছিলেন ম্যাককালাম। কেপটাউনে সেদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৫ রানের লজ্জায় ডুবেছিল নিউজিল্যান্ড। কাল হলো উল্টো অভিজ্ঞতা। ফিল্ডিং নিয়ে খেটে মরলেন সারা দিন, ৯০ ওভারে জুটল মোটে ২ উইকেট। দুই ব্যাটসম্যান করেছেন সেঞ্চুরি, দুজনে মিলে গড়েছেন ডাবল সেঞ্চুরি জুটি। প্রথম দিন শেষেই রানপাহাড়ের পথে ইংল্যান্ড। অধিনায়কত্বের জ্বালাটা ভালোই টের পাচ্ছেন ম্যাককালাম। ম্যাচ শুরুর আগের কয়েক দিনে আলোচনায় ছিল বাতাস। কুক প্রণালি থেকে বয়ে আসা বাতাস যথেষ্টই সহায়তা করে পেসারদের। কিন্তু কাল জোর ছিল না বাতাসে, সামান্য সবুজ আভা থাকলেও বেসিন রিজার্ভের উইকেট দেখা গেল নিখাদ ব্যাটিং-স্বর্গ। টস জয়ের পর অবশ্য ম্যাককালাম স্বীকার করে নিয়েছেন, ‘খানিকটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।’ কিন্তু সারা দিনে মাত্র দুটি উইকেট জুটবে, এতটা নিশ্চয়ই ভাবতে পারেননি কিউই অধিনায়ক!সেই উইকেট দুটিকেও বলা চলে উপহার। টেস্টে তুলে মেরে কতবার আউট হয়েছেন, হয়তো কর গুনে বলতে পারবেন অ্যালিস্টার কুক। কাল নিল ওয়াগনারের বলে ধরা পড়লেন মিড অনে। আরেকটি সাফল্যের জন্য কিউইদের অপেক্ষা করতে হয়েছে ৬৩ ওভার! দ্বিতীয় উইকেটে ২১০ রানের নিখুঁত এক জুটি গড়লেন নিক কম্পটন ও জোনাথন ট্রট। একই ঘরানার ব্যাটসম্যান দুজন। রোমাঞ্চকর শট নয়, বরং ধৈর্যের পরীক্ষায় বোলারদের কাবু করে ছাড়েন। কাল যেমন নাকাল করলেন কিউই বোলারদের।ভারতের চার টেস্টে এক ফিফটির পর নিউজিল্যান্ডে প্রথম ইনিংসে শূন্য। কম্পটনের জায়গাটাই নড়বড়ে হয়ে গিয়েছিল। এখন টানা দুই সেঞ্চুরিতে ২৯ বছর বয়সী ব্যাটসম্যান জায়গা পাকা করে ফেললেন অ্যাশেজেও। ২২৪ বলে ছুঁয়েছেন দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। ট্রটের সেঞ্চুরি হয়ে গেছে আগেই, বলও খেলেছেন ৫০টি কম (১৭৪)। ব্রুস মার্টিনের স্পিনে স্লিপে ধরা পড়ে ফিরেছেন কম্পটন, কিন্তু পিটারসেনকে নিয়ে দিনটা পার করে দিয়েছেন ট্রট।কুককে ‘ব্র্যাডম্যানের পর সেরা’ বলে টেস্ট শুরুর আগেই খানিকটা হাসির উপাদান জুগিয়েছেন ম্যাককালাম। এবার টস জিতে তাঁর ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তকে হাস্যকর বানিয়ে ছাড়ছে ইংলিশরা! ওয়েবসাইট।