ইংল্যান্ডের ভুতুড়ে রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য সান-এর মতো ট্যাবলয়েড থেকে শুরু করে টাইমস— কাল ইংল্যান্ডের পত্রপত্রিকায় শুধু তাঁরই ছবি। ইংলিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও বোধহয় গুরুত্বের দিক দিয়ে মার খেয়ে গেলেন তাঁর কাছে, অন্তত পত্রপত্রিকাগুলোয় তো বটেই। কিন্তু তার পরও রবার্ট গ্রিনের খুশি হওয়ার কিছুই নেই। তাঁর ছবিটার বিষয়বস্তু যে: ‘এই সেই মুহূর্ত, যেটি দুটো পয়েন্ট কেড়ে নিয়েছে ইংল্যান্ডের কাছ থেকে।’এতক্ষণে সবারই জেনে যাওয়ার কথা, ৪৪ বছর পর আরেকটি শিরোপার জন্য উন্মুখ হয়ে থাকা ইংল্যান্ড পরশু নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছে ১-১ গোলে। ১৯৫০ সালের পর এই প্রথম বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল এই দু দল। অবধারিতভাবেই বারবার আলোচনার টেবিলে উঠে এসেছিল ৬০ বছর আগের সেই অঘটনের স্মৃতি। যে বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ইংলিশদের অহংবোধে কষে চড় লাগিয়েছিল ১-০ গোলে হারিয়ে দিয়ে।তখন সেটি অঘটন ছিল, কিন্তু এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ফুটবলের মানচিত্রও পাল্টে গেছে অনেকটাই। গত কনফেডারেশনস কাপের ফাইনালে তো ব্রাজিলকে পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল মার্কিনরা। ফিফা র‌্যাঙ্কিংয়ে তারা ১৪ নম্বরে, আটে ইংল্যান্ড। পরশু অবশ্য ম্যাচের ৫ মিনিট গড়ানোর আগেই ইংল্যান্ড গোল দিয়ে বসেছিল। নতুন অধিনায়ক স্টিভেন জেরার্ডের পা থেকেই এসেছে গোলটি। মাঝমাঠে জেরার্ড-ল্যাম্পার্ড, আক্রমণে রুনি-হেস্কি চোখ রাঙাচ্ছিলেন। কিন্তু কোচ বব ব্র্যাডলির অধীনে কয়েক বছর ধরেই দুর্দান্ত খেলতে থাকা যুক্তরাষ্ট্র দলটি পরশু ম্যাচেও আক্রমণের জবাব দিয়েছে পাল্টা আক্রমণ দিয়েই। ল্যান্ডন ডনোভান, জজি আলটিডোর আর ক্লিন্ট ডেম্পসিরা ছিলেন উজ্জ্বল। ইংল্যান্ড অবশ্য গোল খেয়েছে গোলরক্ষক গ্রিনের ভুলে। ৪০ মিনিটে বক্সের বেশ বাইরে থেকে ডেম্পসির জোরাল শট। পাড়ার গোলরক্ষকের জন্যও সহজতম কাজটি কঠিন করে ফেলনেন গ্রিন। রিফ্লেক্স আর টাইমিংয়ে গড়বড় করায় হাত থেকে ফসকে গেল বল। ঢুকে গেল জালে।যুক্তরাষ্ট্র এক পয়েন্ট পেয়েই খুশি। গোলটাও তারা পেয়েছে অনেকটাই ভাগ্যের পরশে। কিন্তু তাই বলে এমন নয়, এক পয়েন্টের যোগ্য ছিল না তারা। বরং উত্তেজনায় ঠাসা ম্যাচে সমান পাল্লা দিয়ে যাচ্ছিল মার্কিনরা। পুরো ম্যাচে শট নেওয়া হয়েছে ৩১টি। মানে কিনা গড়ে তিন মিনিটে একটি করে আক্রমণ! রোমাঞ্চকর একটা ম্যাচই উপহার দিল রাস্টেনবার্গের রয়্যাল বাফোকেং স্টেডিয়াম। নিঃসন্দেহে প্রথম পাঁচ ম্যাচের মধ্যে সবচেয়ে সেরা ম্যাচ।৩১টি শটের ১২টিই গোলপোস্টে। স্বাভাবিকভাবেই এর আটটিই ইংল্যান্ডের, বাকি চারটি যুক্তরাষ্ট্রের। দুর্দান্ত কিছু সেভ করেছেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক টিম হাওয়ার্ড। ৬৩ মিনিটে একদম কাছ থেকে নেওয়া আলটিডোরের একটা শট প্রতিহত করেছেন গ্রিনও। সেই শট গ্রিন ফেরানোর পর বল বাঁ দিকের পোস্টে লেগে ফিরেছে। সৌভাগ্য ইংল্যান্ডের! যদিও দুই পয়েন্ট হারানোর জন্য একটু কাতরই দেখাল কোচ ফ্যাবিও ক্যাপেলোকে, ‘আমরা একটা ভালো ম্যাচ খেলেছি। অনেক সুযোগ তৈরি করেছিলাম আমরা। দল সব সময়ই আক্রমণের চেষ্টা করে গেছে। খেলার ফলাফল মেনে নিতে পারছি না। কারণ যুক্তরাষ্ট্রের চেয়ে আমরা অনেক ভালো দল ছিলাম। কিন্তু কী করা, এটাই তো ফুটবল। আমাদের ফল মেনে নিতেই হবে। এখন আমি পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি।’ফলাফল ক্যাপেলোর মনমতো না হলেও শিষ্যদের খেলায় তিনি সন্তুষ্টই, ‘আমি ফল নিয়ে সন্তুষ্ট না হলেও ইংল্যান্ডের লড়াকু মানসিকতায় আমি মুগ্ধ। বল নিজেদের পায়ে ফিরে পেতে প্রতিটা মুহূর্তে আমরা লড়াই করেছি।’রিও ফার্ডিনান্ডের চোটের কারণে প্রথম একাদশে জায়গা পাওয়া লেডলি কিং পরের ম্যাচটা খেলতে পারবেন না। ক্যাপেলো অবশ্য জানালেন এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, ‘এই ম্যাচে আমাদের অনেক দৌড়াতে হয়েছে। তার পরও পরের ম্যাচের জন্য আমাদের শারীরিক অবস্থা নিয়ে আমি মোটেও চিন্তিত নই।’ এএফপি, ওয়েবসাইট।