ইংল্যান্ডের মাথায় রানের পাহাড়-বোঝা

১ রানের মাথায়ই ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন। মাইকেল কারবেরির বেল মাটিতে লুটোপুটি খাচ্ছে, কারবেরি মাথা নিচু করে সাজঘরে ফিরছেন, পাশেই বুনো উল্লাসে মেতে উঠেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ইতিহাসকেই যদি সাক্ষী মানেন, তবে ব্রিসবেন টেস্টে এটাই হতে যাচ্ছে সবচেয়ে সম্ভাব্য ছবি। এই ম্যাচে শুধু একটা ব্যাপারই এখন যেন নিয়তি নির্ধারিত—অস্ট্রেলিয়ার উল্লাস!
জয়ের জন্য ‘মাত্র’ ৫৬১ রানের লক্ষ্য ঠিক করে দিয়েছে অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেটের সুপ্রাচীন ইতিহাসে চতুর্থ ইনিংসে ৪১৮ রানের বেশি করে জেতার রেকর্ড নেই। ইংল্যান্ডের জন্য রেকর্ডটি আরও কম। চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৩৩২ রান করে জিতেছিল তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষেই, তবে সেটি সেই ১৯২৮ সালের ঘটনা!
এই টেস্টের সম্ভাব্য দুটো ফলাফল তাই ড্র, নয়তো অস্ট্রেলিয়ার জয়।দ্বিতীয়টিই যে হতে যাচ্ছে, সেই পূর্বাভাস দিয়ে ১০ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসেছে ইংল্যান্ড।তৃতীয় দিন শেষে ওই ২ উইকেটে ২৪ রান করেছে ইংল্যান্ড।এখনো ৫৩৭ রান চাই তাদের।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের যাচ্ছেতাই ব্যাটিংয়ের সৌজন্যেই গ্যাবায় গত ২৫ বছরে টেস্ট না-হারা অস্ট্রেলিয়া পেয়েছিল ১৫৯ রানের লিড। আজ ৭ উইকেটে ৪০১ রান তুলে ইনিংস ঘোষণা করেছেন মাইকেল ক্লার্ক। অধিনায়ক নিজে করেছেন সেঞ্চুরি। ১৩০ বলে নয়টি চার ও এক ছক্কায় খেলেছেন ১১৩ রানের ঝলমলে এক ইনিংস। ঠিক এক বছর এক দিন পর সেঞ্চুরি পেয়েছেন ডেভিড ওয়ার্নারও। মাত্রই পেছনে ফেলে এসেছেন কঠিন সময়। ওয়ার্নারের কাছে এখন সেই খারাপ সময়টা যেন শুধুই অতীত।
প্রথম ইনিংসে ৯৪ রানে রান আউটের খাঁড়ায় পড়েছিলেন ব্র্যাড হাডিন। ইতিহাসের মাত্র ৩৯ নম্বর ব্যাটসম্যান হিসেবে (অস্ট্রেলিয়ার ষষ্ঠ) নব্বইয়ের ঘরে রানআউটের শিকার হওয়ার বিরল ‘কীর্তি’। সেই হাডিন দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন ফিফটি।
তবে এই ম্যাচের আসল নায়ক সম্ভবত মিচেল জনসনই। হারিয়ে যেতে বসা জনসন প্রথম ইনিংসে ৬৪ করার পর দ্বিতীয় ইনিংসেও অপরাজিত ছিলেন ৩৯ রানে। এবারও হাডিনের সঙ্গে দারুণ একটি জুটি (৯০ রানের) গড়েছেন। তবে তাঁর আসল কাজ তো বোলিংয়ে। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া জনসন রীতিমতো ফাঁদে ফেলে এবার তুলে নিলেন জনথন ট্রটের উইকেটটি।
নিজের শততম টেস্টটি বিরাট এক পরাজয় দিয়ে‘স্মরণীয়’ করে রাখবেন কি না, সেই সিদ্ধান্ত এখন কেভিন পিটারসেনকেই নিতে হবে।৩ রানে ব্যাট করছিলেন কেপি, সঙ্গে ১১ রানে অপরাজিত অধিনায়ক অ্যালিস্টার কুক।
শুধু ক্রিকেটের সর্বশেষ স্কোর জানতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে। যে কোনো খেলার আপডেট পেতে S লিখে এসএমএস করুন 2221 নম্বরে।