
এক দল আছে ফুরফুরে মেজাজে, আরেক দল যন্ত্রণায়। অ্যাশেজ পুনরুদ্ধার করে অস্ট্রেলীয়রা যখন হাওয়ায় ভাসছে, তখন পরাজিত ইংলিশ শিবিরে চলছে পরাজয়ের ব্যবচ্ছেদ। এরই মধ্যে আজ শুরু হয়ে যাচ্ছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। অস্ট্রেলিয়ার লক্ষ্য ইংল্যান্ডের ঘা-টাকে আরেকটু দগদগে করা। ইংল্যান্ড চাইছে অন্তত কিছুটা সম্মান উদ্ধার করতে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ বাংলাদেশ সময় সকাল ৯-২০ মিনিটে শুরু হচ্ছে ওয়ানডে ক্রিকেটের আদি দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই। সাদা পোশাকের লড়াইয়ে যাচ্ছেতাই হারের পরই ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকের কণ্ঠে ছিল ঘুরে দাঁড়ানোর আকুতি, ‘যখন আপনি সবকিছুই হারিয়ে ফেলবেন, প্রতিটি খেলোয়াড়েরই উচিত নিজেদের মূল্যায়ন করা। পরীক্ষা করা উচিত নিজেদের টেকনিক। দেখা উচিত তারা কীভাবে বল করেছে, উচিত সবকিছু নতুন করে শুরু করা। আর এগুলো করতে করতেই ক্ষুধাটা ফিরে আসবে।’
ইংলিশদের ঘুরে দাঁড়ানোর আরেকটি উপলক্ষও আছে। ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর হওয়ার সুযোগ দলটির সামনে। অবশ্য একই সুযোগ অস্ট্রেলিয়ারও। তবে সবকিছুই নির্ভর করছে ১৯ জানুয়ারি থেকে শুরু ভারত-নিউজিল্যান্ড সিরিজে ভারতের পারফরম্যান্সের ওপর। ভারতই এখন ওয়ানডের এক নম্বর দল। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড আছে এরপরই।
অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক তো ওয়ানডের শীর্ষস্থানকেই পাখির চোখ করেছেন। কাল মেলবোর্নে সেটাই বললেন ক্লার্ক, ‘শেষ দুই টেস্টের আগে বলেছিলাম আমাদের ভালো খেলতে হবে, কারণ আমরা এখন বিশ্বের পাঁচ নম্বর দল। আমরা শীর্ষে ফিরতে চাই। আমি এই ওয়ানডে দলটাকেও একই কথা বলব। আমরা জানি, এ মুহূর্তে আমরা এক নম্বর দল নই। ওখানে পৌঁছানোটাই লক্ষ্য।’
লক্ষ্য পূরণে অস্ট্রেলিয়া ওয়ানডে দলে ফিরিয়েছে ওপেনার ডেভিড ওয়ার্নারকে, ফিরেছেন পিঠের ব্যথায় ভারত সফরে খেলতে না পারা ক্লার্কও। অ্যাশেজের সেরা ব্যাটসম্যানকে দলে রাখলেও অস্ট্রেলিয়া বিশ্রাম দিয়েছে অ্যাশেজ-সেরা ক্রিকেটার মিচেল জনসনকে। পর্যায়ক্রমে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা আছে হাডিন, বেইলি ও ওয়াটসনদেরও।
ইংল্যান্ড সিরিজ শুরু করছে কেভিন পিটারসেন ও জেমস অ্যান্ডারসনকে ছাড়াই। পুরো সিরিজেই নেই এ দুজন। টি-টোয়েন্টি অধিনায়ক স্টুয়ার্ট ব্রড দলে থাকলেও খেলছেন না প্রথম দুটি ওয়ানডে। দেশে ফিরে গেছেন টেস্ট দলের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। ওয়ানডে কোচ অ্যাশলি জাইলসের তত্ত্বাবধানে ইংলিশরা ঘুরে দাঁড়াতে পারে কি না, দেখার বিষয় সেটাই।
একটি তথ্য জেনে ইংলিশরা খুশি হতে পারে। এবারের আগে অ্যাশেজজয়ী সর্বশেষ তিনটি দলই হেরেছ পিঠাপিঠি ওয়ানডে সিরিজে। অবশ্য তিনবারই দলটির নাম ছিল ইংল্যান্ড। এএফপি, ক্রিকইনফো।