ইংল্যান্ডের যন্ত্রণার ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতে বলা হয়েছিল, অনুশীলন করবে না ইংল্যান্ড। সেটিই ছিল স্বাভাবিক। আগের রাতে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে পরদিন সকালেই কেন অনুশীলনে আসবে দল, সেটিও যখন পরের ম্যাচ গ্রুপের দুর্বলতম প্রতিপক্ষের বিপক্ষে! কিন্তু সবাইকে অবাক করে কাল সকালেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হাজির ইংলিশরা। হয়তো টিম ম্যানেজমেন্ট চাইছিল দলের ক্রিকেটারদের এই ম্যাচটির গুরুত্ব বুঝিয়ে দিতে।
এটি সেই ম্যাচ, পেশাদার ক্রিকেটারদের জন্যও যা বিরক্তিকর। টুর্নামেন্টে পাওয়ার কিছু নেই, পাওয়ার নেই এই ম্যাচ থেকেও। এমন ম্যাচে অনুপ্রাণিত করাই কঠিন। কিন্তু হারানোর আছে যে আবার অনেক কিছু! হতাশার সঙ্গী হবে তখন আরও বড় লজ্জা। ইংলিশ কোচ অ্যাশলি জাইলস তাই শিষ্যদের শুনিয়েছেন সতর্কবার্তা, ‘গত রাতে (পরশু) মাঠ ছাড়ার সময়ই আমি সবাইকে স্পষ্ট বলে দিয়েছি, টুর্নামেন্টে টিকে থাকলে যেভাবে খেলতাম, এখনো সেভাবেই খেলতে হবে এই ম্যাচ। ডাচরা বেশ বিপজ্জনক দল। আর বিশ্বকাপের মতো টুর্নামেন্টে কোনো ম্যাচেই জয়ের বিকল্প কিছু ভাবার সুযোগ নেই।’
ইংলিশরা যখন ভাঙা মনেই জয়ের আশায় নামবে, ডাচরা থাকবে উল্টো প্রান্তে। হল্যান্ডের ক্রিকেট ইতিহাসের স্মরণীয়তম টুর্নামেন্টের শেষ ম্যাচ। ডাচরা নিশ্চয়ই মাঠে উজাড় করে দেবে নিজেদের। ইংল্যান্ডের বিপক্ষে অনুপ্রেরণার স্মৃতিও তো আছে। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে লর্ডসে ইংল্যান্ডকে হারিয়েছিল হল্যান্ড। সেই ইংল্যান্ড আজ যখন ভগ্ন মনোবল, আরেক দফা বধের আশা হল্যান্ডের জাগতেই পারে!