ইংল্যান্ডের লক্ষ্য ১৪৮ রান
প্রথম টি-টোয়েন্টিতে এক উইকেটে হারের পর এবার দ্বিতীয় ম্যাচেও খুব বেশি সুবিধাজনক অবস্থান সৃষ্টি করতে পারেনি স্বাগতিক অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করেছে তারা। প্রথম ম্যাচে অসিরা যেখানে ১৫৭ রান করেও জয়ের দেখা পায়নি, সেখানে দ্বিতীয় ম্যাচে ১৪৮ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে তারা জয়ের দেখা পাবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।প্রথম ম্যাচের মতো আজকেও শুরুটা ভালোভাবেই করেছিল অস্ট্রেলিয়া। সাত ওভারের মধ্যে দুটি উইকেট হারালেও স্কোরবোর্ডে যোগ হয়েছিল ৬৩ রান। কিন্তু তারপর খুব অল্প সময়ের মধ্যেই আরও তিনটি উইকেট হারালে রানের গতি অনেকখানিই কমে যায়। ১২ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় পাঁচ উইকেটে ৮০ রান। শেষ পর্যায়ে অ্যারোন ফিঞ্চের ৩৩ বলে ৫৩ রানের হার না মানা ইনিংসটির সুবাদে ১৪৭ রানে শেষ হয় অস্ট্রেলিয়ান ইনিংস। ৩০ রান করেছেন ডেভিড ওয়ার্নার। দুটি করে উইকেট নিয়েছেন গ্রায়েম সোয়ান ও মাইকেল ইয়ার্ডি। রয়টার্স/ক্রিকইনফো।