ইংল্যান্ডের লক্ষ্য ১৪৯ রান
সুপার এইটের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে শুরুতে চাপের মুখে পড়লেও পরে জেমস ফ্রাঙ্কলিনের অর্ধশতকে ভর করে স্কোরবোর্ডে ১৪৮ রান জমা করেছে নিউজিল্যান্ড। ৩৩ বলে ৫০ রানের লড়াকু ইনিংস খেলেছেন ফ্রাঙ্কলিন। ইংল্যান্ডের পক্ষে চার ওভার বল করে মাত্র ১৬ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন স্টিভেন ফিন।টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক রস টেলর। কিন্তু প্রথম সাত ওভারের মধ্যে ৪২ রান জমা হতেই সাজঘরে ফেরেন দুই কিউই ওপেনার মার্টিন গাপটিল ও রব নিকোল আর ব্রেন্ডন ম্যাককালাম। কয়েক ওভার পর ১৭ রান করে বিদায় নেন কেইন উইলিয়ামসন। পঞ্চম উইকেটে ৪০ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে লড়াইয়ে ফেরান রস টেলর ও জেমস ফ্রাঙ্কলিন। ১৭তম ওভারে ২২ রান করে আউট হন টেলর। ষষ্ঠ উইকেটে নাথান ম্যাককালামকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ডে আরও ৩৯ রান যোগ করেন ফ্রাঙ্কলিন। ৩৩ বলে ৫০ রানের চমত্কার ইনিংস খেলে রান আউটের ফাঁদে পড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান।